প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

বাতায়নকে মীনা— ২ | মীনা রায় বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/হলদে খাম/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
হলদে খাম
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
বাতায়নকে মীনা— ২

আজকের বিষয়টি ‘চাঁদের মায়া’। কলম ধরেই ‘ওগো মায়াবিনী চাঁদ’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘চাঁদের মায়া আছে মধু জোছনাতে...

 
ভালবাসা বাতায়ন,
ভালবাসা বাতায়ন, শরতের শুভ্র আকাশ। কোজাগরী পূর্ণিমার রাত। বসে আছি চন্দ্রালোকিত ছাদে। মনে মনে স্মৃতির অতলে—এমন দিনে মধুময় ক্ষণে তোমাকে বলা যায় মনের কথা আখরের মালাতে। ধরে নাও, আজকের বিষয়টি ‘চাঁদের মায়া’। কলম ধরেই ‘ওগো মায়াবিনী চাঁদ’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘চাঁদের মায়া আছে মধু জোছনাতে... কী যেন কী খুঁজে মরি আকাশ পানে’—মনে এলো। ‘মধুর আমার মায়ের হাসি’ বা ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ও বাদ গেল না। সহসা স্মৃতির ঝাঁপি খুলেছি—বালিকা আমাকে কোলে নিয়ে কোজাগরী পূর্ণিমার রাতে বাবা চাঁদ দেখিয়ে আমার কপালে তাঁর আঙুল ছুঁইয়ে টিপ এঁকে দিয়েছিলেন—আজ তা মিষ্টি স্মৃতি। কিছুদিন আগে জানালা খুলে ঘুমিয়েছিলাম। মাঝরাতে চাঁদের আলো পড়েছিল মুখে। চাঁদের আলোয় জেগেছিলাম। তারপর অনেকক্ষণ আকাশের দিকে চেয়ে থাকলাম। ভাবলাম, এই চাঁদে কতই মায়া! কখনো আবার এই চাঁদ কবির কলমে ক্ষুধার্তের ঝলসানো রুটিও। স্মৃতির সরণি বেয়ে পৌঁছেছি অতীতের গ্রামের বাড়িতে। বৃষ্টিহীন জুন মাসের রাতে লোডশেডিং। গুমোট গরম। খড়ের ছাউনি, মাটির দোতলা ঘরে খাটে শুয়েছিলাম। দরজা-জানালা খুলে রেখেও হাওয়া ঢুকছিল না। বাতাস নেই। গাছপালা বন্ধ ডেকেছে। হাতপাখা ঘোরাতে ঘোরাতে হাতে ব্যথা। ধড়ফড় করে শয্যা ছেড়ে নেমে এলাম উঠোনে। আকাশে সোনার থালা! নিশ্চুপ হয়ে চাঁদের জোছনা গিলছে গাছেরা! আঙিনায় রজনীগন্ধার স্টিকগুলো নিথর দাঁড়িয়ে। ওদের সুবাস আমাকে ভাল লাগার আবেশ দিল। নিমেষেই গরমের অনুভূতি ভুললাম। উঠোনে ফোল্ডিং চেয়ার পেতে বসলাম। চাঁদের আলোর বন্যায় সাঁতার কাটতে কাটতে কল্পনায় পৌঁছে গেলাম প্রিয় মানুষটির কাছে। চোখ চাঁদের পানে। সহসা চাঁদের মধ্যে তাঁর মুখাবয়ব স্পষ্ট হলো! তিনি তখন কলকাতার বৌবাজারের মেসবাড়িতে। নাহ্ ফোন ছিল না। ছুটি পেলেই একছুট্টে বাড়ি আসবেন—আশ্বাস ছিল। শারদীয়ার শুভেচ্ছা জানালাম তোমার পরিবারের সঙ্গে তোমাকেও।
ইতি—
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)