বাতায়ন/হলদে খাম/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
হলদে
খাম
সুমিতা চৌধুরী
বোনুকে দিদি
প্রিয় বোনু,
গিরিশ পার্ক, কোলকাতা
তোকে খুব চিঠি লিখতে ইচ্ছে হলো আজ। মনে পড়ে সেই ছেলেবেলার
বৃষ্টি ভেজা দিনের কথা? আমার স্মৃতিপটে আজও রয়েছে সেই বৃষ্টি ভেজা রঙিন দিনগুলো কী
ভীষণ সজীব।
আজও সারাদিন বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির রিমঝিম জলতরঙ্গের
কলতান শুনছি। তাই বোধহয় মন ছুটেছে সেই সুদূর অতীত পানে। যখন কাগজের নৌকা ভাসাতাম
জল থইথই উঠোনে। স্কুলের থেকে ফেরার পথে কাক ভেজা হয়ে ছপাৎ ছপাৎ জলের পানসি বেয়ে
পাগলপারা মনে ঢুকতাম ঘরে। মনে পড়ে, সেই মায়ের বকা আর ঠাকুমার প্রশ্রয়? কাঁচুমাচু
মুখে সিঁধোতাম শাসন, বারণ আর প্রশ্রয়মাখা উষ্ণ আদরের বসতে।
আজ হারিয়ে গেছে সেইসব দিন, তবু আজও স্মৃতিতে অম্লান। স্মৃতির পাতায় জমেনি এককণাও ধুলো, মরচে ধরেনি রঙিন প্রলেপে। আজও মন চায় বৃষ্টিতে ভিজতে জানিস। জলনূপুর পায়ে হেঁটে যেতে স্মৃতির সরণি বেয়ে। বৃষ্টি সত্যি বড়োই অপরূপ সৃষ্টি। বড়ো মিষ্টি, খুব মিষ্টি। ঠিক আমাদের ছেলেবেলার মতোই। তাই না?
পারলে আজও বৃষ্টি ভিজিস। সময় বয়ে গেলেও মনের মাঝে ছেলেমানুষিটাকে ধরে রাখিস। দেখবি জীবন চির সবুজ থাকবে। ভাল থাকিস, খুব ভাল থাকিস সবসময়। অনেক অনেক আদর আর ভালবাসা সহ—
তোর দিদিভাই
১০/১০/২০২৩
লিলুয়া, হাওড়া

No comments:
Post a Comment