প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

সঙ্ঘমিত্রা দাস | সুভাষিণী

বাতায়ন/ছোটগল্প/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

ছোটগল্প

সঙ্ঘমিত্রা দাস

সুভাষিণী


মালতী আজ একদম মনস্হির করেই ঢুকেছে, কাজটা সেরে মাইনেটা নেওয়া হলেই বলে দেবে কাল থেকে সে আর আসছে না। মাসিমা যেন অন্য লোক দেখে নেয়। এত মুখরা লোকের বাড়ি কাজ করা যায় না। কথায় কথায় চিৎকার, এখানে পরিষ্কার হয়নি, ওটা ওখানে রাখলি কেন? পাঁচ মিনিট দেরি হলেই কৈফিয়ত তলব। এভাবে আর চলছে না। শুধু কী ওকে মেসোমশাইকেও সারাদিন দাঁতের ওপরেই রাখে। মানুষটা ভয়ে সিঁটিয়ে থাকে সবসময়। এমন দজ্জাল বউ নিয়ে এত বছর সংসার করল কী করে কে জানে?

সুভাষিণীর চরিত্রটাই এরকম। গলা সপ্তমে চড়া। অনিয়ম একেবারে সহ্য করতে পারে না। সবকিছু টিপটপ, সাজানো-গোছানো পরিপাটি চাই। পান থেকে চুন খসলেই তোলপাড়। নিজেও সারাদিন খাটছে আর সাথের মানুষগুলোকেও নাচিয়ে ছাড়ছে। কর্ণেল রাজেন্দ্র বড়ালের একমাত্র মেয়ে, কঠোর ডিসিপ্লিনে মানুষ, আর সেই অভ্যেস এই পঞ্চাশ বছর বয়সেও একইভাবে বহাল। 

কাজ শেষ, একটা সাদা খামে মাইনেটা দেয় সুভাষিণী। মালতীর হাতে নিয়ে মনে হয় খামটা যেন একটু বেশি ভারী। গুনে দেখে মাইনে বাদে আরো চারটে পাঁচশো টাকার নোট বেশি। 'মাসিমা টাকা বেশি দিয়েছ, তুমি গুনে দাওনি?'  'হ্যাঁ জেনেই দিয়েছি, কাল তো তোর ছেলের জন্মদিন, পাঁচ বছর পূর্ণ হলো। প্রতি বছরের মতো ওই শুকনো ভাত খাওয়াবি ছেলেটাকে? একটু ছোট করে আয়োজন করিস। ভালমন্দ রেঁধে দিস ওকে। আর শোন কাল তোর ছুটি, পরশু কিন্তু একদম টাইমে ঢুকবি, অন্যথা না হয়। কোন অজুহাত শুনব না। আজ যা, বাজার সেরে বাড়ি ফিরতে সময় লাগবে তো।' চোখ ছলছল করে ওঠে মালতীর।

মানুষটার মনটা পড়তে পারেনি এই এক বছরে। শুধু বাইরের রুক্ষতাটা দেখেছে আর মনে মনে কত গালমন্দ করেছে। মনটা মুষড়ে ওঠে, নিজের ওপর রাগ হয়, এত মানুষ দেখে তাও মানুষ চিনল না সে। দূর থেকেই একটা প্রণাম করে মাসিমার ওই দরদী মনটাকে।

না কাজ ছাড়ার কথা আর বলা হল না। মেসোমশাইয়ের মতো মালতীও সুভাষিণীর সংসারে আটকা পড়ে গেল।

সমাপ্ত

3 comments:

  1. সহজ ,গভীর।🙏

    ReplyDelete
  2. Sotti onobodyo
    Ami tomar lekhar opekkhai.
    Amio banglar student bt lekha hoe othena
    Tomar lakhonite inspiration pai hoyto kono ekdin kolom dhorbo.

    ReplyDelete
  3. বেশ হয়েছে।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)