প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, April 11, 2025

ঝড় | তূয়া নূর

বাতায়ন/ঝড়/কবিতা/য় বর্ষ/ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩
ঝড় | কবিতা
তূয়া নূর

ঝড়

আমার রক্তের গতিপথে প্রথমেই একটা প্লাবন হোক,
শরীরের জীর্ণ কোষগুলো নতুন করে উর্বরা হোক!
শক্তির অণুগুলো একটা স্বচ্ছ সরল রেখায় এসে সমন্বিত হোক!
আমাদের সমগ্র স্নায়ুতে এখন প্রয়োজন প্রচণ্ড কালবৈশাখী ঝড়।

চোখের তারাটা হীরকের স্ফটিকের মতো আরো জ্বলজ্বলে হোক!
চেতনার রুদ্রস্রোতে ভেঙে চুরমার হোক নগ্ন-নৃত্যের মঞ্চ,
কৃষকের গানের সাথে আমার আর্কেষ্ট্রার সুরটাও
মিলেমিশে এক হোক
আমার দেহের ভেঙ্কোভার থেকে ইয়াকোহামা, ভূমধ্যসাগর থেকে আফ্রিকার শৃঙ্গের বন্দরে বন্দরে।

প্রচণ্ড ঝাঁকুনিতে কেঁপে উঠুক আর একবার বারুদ বোঝাই জাহাজগুলো 
ডুবে যাক, ডুবে যাক অথৈই জলে সেই মশলার যুদ্ধে যেমন পোর্তুগিজদের জাহাজ ডুবেছিলো কালিকট বন্দরে।

আমার বুকের দুপাশে, মাথায়, অস্থি মজ্জায় এবং অস্তিত্বে কামানের গোলার মতো
বিদঘুটে হাতুড়ি দাগাও পারমাণবিক রণতরী নিমিথের পাটাতনে—
আছড়ে পড়ে শেষ হয়ে যাক শান্তির ধ্বনি তোলা ছদ্মবেশী কবুতরগুলো
এবং শেষ হয়ে যাক জলপাই রঙের সাঁজোয়া গাড়িগুলো

ভিয়েতনামি জনগণের চোখের পাতার নির্জীব নড়াচড়া নাপাম বোমার আঘাতে বিধ্বস্ত আফগান কিশোরীর মুখ—
সব কিছুর বিপরীতে পাল্টা কিছু হোক; 
আমার চিন্তার আঙিনায় আসুক প্রচণ্ড ঝাঁকুনি এবং ঝাকুনির অহং।

আমার রক্তের গতিপথে প্রথমেই একটা প্লাবন হোক! শরীরের শীর্ণ কোষগুলো নতুন করে উর্বরা হোক!
শক্তির অণুগুলো সমন্বিত হোক একটা স্বচ্ছ সরল রেখায় এসে
আমাদের সমগ্র দেহে এখন একটা প্রচণ্ড ঝড়ের প্রয়োজন

 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)