প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

ঋতুরাজকে সুজিত | সুজিত চক্রবর্তী

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/হলদে খাম/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | হলদে খাম
সুজিত চক্রবর্তী
 
ঋতুরাজকে সুজিত

"আজকালকার দিনে বই বিক্রি হয় না আগের মতন এ তথ্য সবার জানা। শোনা যায় তার মধ্যে পাঠকরা কিছুটা পছন্দ করেন থ্রিলার বা সাসপেন্স স্টোরি পড়তে।"

 
প্রিয় ঋতুরাজ,
 
আমার মতন তোরও ছোট থেকেই লেখার অভ্যেস ছিল। হয়তো এই কারণেই স্কুলে পড়ার সময়ে আমাদের বন্ধুত্বটা তুলনায় একটু বেশি গাঢ় ছিল। তারপরে কেটে গেছে অনেক বছর। সবাইকে যে যার মতো করে জীবন-সংগ্রামে ব্যস্ত থাকতে হয়েছে। তবু এখনও আমরা দুজনেই চেষ্টা করি কিছু লেখার জন্য। সে লেখা কতটা সার্থক হ তা নিয়ে চিন্তা করি না, কারণ নিজেকে প্রকাশ করে যে নির্মল আনন্দ পাওয়া যায় তার মূল্যও যে কম নয়।
 
আজকালকার দিনে বই বিক্রি হয় না আগের মতন এ তথ্য সবার জানা। শোনা যায় তার মধ্যে পাঠকরা কিছুটা পছন্দ করেন থ্রিলার বা সাসপেন্স স্টোরি পড়তে। ইদানিং দেখছি অনেক পত্রিকা ভূত-প্রেতের ওপর লেখা আহবান করে থাকে, যার মধ্যে অবশ্যই কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও আছে। সব মিলিয়ে যা মনে হয় এই সময়ের পাঠকের কাছে ভূত বেশ জনপ্রিয়। খবরে প্রকাশ এইসব পাঠকদের মধ্যে ছোটরা তো আছেই, বড়রাও আছেন। 
 
আমাদের ছোটবেলা থেকেই অনীহা ছিল ভূতের গল্প লেখার ব্যাপারে। কারণ, আমরা শুরু থেকেই যুক্তিবাদী ছিলাম এবং ভূতের অস্তিত্ব কখনও স্বীকার করিনি। লক্ষ্য করেছি যে এমন মানুষ নেই যে কখনও নিজে ভূত দেখেছে। তাই মনে হতো, একটা মিথ্যের ওপরে দাঁড়িয়ে আমি কিছু নির্মাণ করব কেন! তাছাড়াও যেহেতু ভূতের গল্প বেশি করে ছোটদের আকর্ষণ করে তাই তাদের মস্তিষ্কে একটা মিথ্যে আতঙ্ক ঢুকে যাবে এর হাত ধরে এই আশঙ্কাও ছিল বৈকি।
 
ইদানিং অবশ্য কিছুটা অন্যরকম চিন্তা প্রবেশ করেছে আমার মনে। ভাবি, থাক না ভূত-প্রেতের আনাগোনা আমাদের মনে, ক্ষতি কী! আমাদের অন্য অনেক বিশ্বাস পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। এই যেমন কোনও মানুষকে হয়ত আমরা একসময়  মনে করতাম ভাল বলে, অনেক দিন পরে ভুল ভেঙেছে। আবার এর বিপরীত অভিজ্ঞতাও আছে অনেকের তাও সত্যি।
 
আর একটা কথাও মনে হয় মাঝেমধ্যে। সেটা কী জানতে চাস? সেই যে সঙ্গীতশিল্পী মান্না দে'র কন্ঠে একটা জনপ্রিয় গান ছিল না, যেখানে একটা লাইন ছিল, 'হাজার বদল হোক পৃথিবী, পুরনো হবে না প্রেম কখনও'। হ্যাঁ,  আমি প্রেমের কথাই বলতে চাইছি। ভূতের গল্পের সাথে প্রেমের গল্পের চাহিদাও চিরদিনের। এখন ভেবে দ্যাখ, কোনও পরিণত বয়সের মানুষকে যদি প্রেম সম্বন্ধে জিজ্ঞেস করা হলে বেশির ভাগ ক্ষেত্রেই হয়তো অবিশ্বাসের সুরই ধ্বনিত হবে। তাই বলে কি কেউ প্রেমের গল্প পড়বে না বা লিখবে না? এ প্রশ্নের উত্তরে সিংহভাগ মানুষ হা-হা করে উঠবেন। তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত কী দাঁড়াল? প্রেম মিথ্যে, একথা মানতে আমরা নারাজ।
 
তার মানে কী হলো? প্রেমের গল্প চিরদিন থাকবে। তা যদি হয়, তাহলে ভূতের গল্প থাকলেই বা কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে! হয়তো ভূতের সঙ্গে প্রেমের তুলনা করার জন্য অনেকেই আমার ওপর কুপিত হবেন। তবুও তুই আমার বাল্যবন্ধু বলে আমার মনে যে প্রশ্ন উদয় হয়েছে সেটাই লিখলাম এখানে। সবশেষে জানতে চাইব তুই আমার সঙ্গে ঠিক কতখানি একমত! তাড়াতাড়ি চিঠির উত্তর দিয়ে আমার কৌতূহল নিরন করিস। অপেক্ষায় রইলাম।
 
ইতি
সুজিত 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)