প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

মাইনকা বেদের মাদুলি [১ম পর্ব] | রাখী সরদার

বাতায়ন/নারী না পুরুষ/ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
ধারাবাহিক গল্প
রাখী সরদার
মাইনকা বেদের মাদুলি
[১ম পর্ব]

"এই বেদেরা একেবারেই ভালো নয়। কত কিছু ঝাড়ফুঁক জানে! সুযোগ পেলেই নাকি বাচ্চা চুরি করে। সুধা সে কারণে খামারে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে। বাড়িতে বুড়ি শাশুড়ি আছে। কিন্তু তার ভরসায় বিভুকে রেখে আসতে পারল না।"

 
ছোট্ট বিভু একমনে কাদামাটি নিয়ে খেলছে। মাটি দিয়ে গুলি বানাচ্ছে, বল বানাচ্ছে। খামারবাড়ির একধারে আমগাছের তলায় বসে সে খেলে চলেছে। সুধা খামারের মাঝবরাবর বাঁশের আগড়ে ধান পিটছে। রমেশ ধানের বিচুলিগুলো মাঝে মাঝে টেনে এনে সুধার পাশে জড়ো করছে আর ধানের পলকুটি বেছে একপাশে রাখছে। সুধা ধান পিটতে পিটতে ছেলেকে হাঁক দেয়—
বিভু, মুড়ি খেয়ে নে
হ্যাঁ, মা।”
ওকেনে বসি বসি তাইলে কী করিস?”
বিভু একটু চুপ করে থাকে। এখুনি কাদামাটি নিয়ে খেলছে বললেই মা তো রেগে যাবে।
এবার রমেশ ছেলের উদ্দেশ্যে বলে,
কীরে, কতা নেই কেনে! মা কি বলচে শুনতে পাসনি?”
আমি তো খেলা কচ্চি।”
রমেশ আর সুধার নয়নের মণি বিভু। রমেশের নিজের কাটা দশেক জমি আছে। সেই জমিটুকু সে চাষ করে কোনোক্রমে পেট চালায়। মাটির ঘর। কাঠের দরজা নেই। বাঁশের আগড় দিয়ে দরজা। এই ধান ঝাড়ার মরশুমে সেই আগড় খুলে ধান ঝাড়ে। এই কাজে খুব কষ্ট, তবু তারা আনন্দেই কাজ করে। রমেশের একটাই চিন্তা, ছেলেকে মানুষ করতে হবে। ছেলেটি বেশ কিছুদিন জ্বরে ভুগছে। এত ডাক্তার দেখাচ্ছে, তবু অসুখে ভুগছে। সুধা খামারবাড়িতে ছেলেকে সঙ্গেই নিয়ে এসেছে।
এদিকে সুধার মনে আর এক ভয়। পূবের বিলপাড়ে একদল বেদে কিছুদিন হল আস্তানা গেড়েছে। সে ছোটো থেকেই শুনে এসেছে, এই বেদেরা একেবারেই ভালো নয়। কত কিছু ঝাড়ফুঁক জানে! সুযোগ পেলেই নাকি বাচ্চা চুরি করে। সুধা সে কারণে খামারে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে। বাড়িতে বুড়ি শাশুড়ি আছে। কিন্তু তার ভরসায় বিভুকে রেখে আসতে পারল না। পাড়ার ছেলেদের সঙ্গে তো সেদিন বিভুও বেদের আস্তানায় চলে গিয়েছিল! সেই থেকে সুধা ছেলেকে চোখে চোখে রাখে।
বেদে সরদার মাইনকা বেদের মন ক’দিন খুবই অস্থির। কত জায়গায় তো তারা আস্তানা গেড়েছে। কত মানুষের সঙ্গে তাদের পরিচয় হয়েছে। কত ছেলেপিলে তাদের সাপ খেলা দেখার জন্য পিছে পিছে এসেছে। কত ঘটনা ঘটেছে। কিন্তু সেদিন বিলপাড়ে দেখা বাচ্চাটার মুখ কিছুতেই ভুলতে পারে না।
মা বিষহরি, তুমি আর কত খেলা দেকাইবেন! এমনই এক শীতের মরশুমে মোর প্রাণভোমরা, মোর একমাত্র ব্যাটা সুবলাকে তুমি কেড়ে লিলে! উ ছেলেটাকে ইকেবারে মোর বাছার মতো দেকতে! সব তো ভুলে ছিলম, মা। আজ ক্যানে মনে করালেন!”
মাইনকা বেদে তাঁবুতে বসে বসে তার মরে যাওয়া ছেলেটার কথা ভাবছিল। বউ সুন্দরী হাঁকডাক দিতে দিতে তাঁবুতে ঢোকে—
সদ্দার, তু একুনো বসি আচিস! সুবাই যে বেইরে পড়ল। একুন চাষিদের ঘরে ঘরে ধান উটতিচে! মা বিষহরির গান গেয়ে গেয়ে ঘুরলিও কিচু চাল, খুদ পাব। চল, চল, সেজ্জে গুজ্জে লে।”
সুন্দরী, তু যা। মোক বুলিস লাই। মোর মন ভালো লাই।”
সুন্দরী মাইনকা বেদের পাশে ধপ করে বসে পড়ে। বেদের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে থাকে,
তুর কেনে মন খারাপ, মুই জানি। যেদিন তু ও ছেলেটকে দেকিচিস, সেই থিকে তু চুম মেরে গেচিস। ইটো সাচ কতা, যে ছেলেটোর মুক ইক্কেরে মোর সুবলার মুকের মতো। মুইও দেকে তো থ মেরে গেইলুন। পরে নিজেকে সামলাইলুন। আজ মোর সুবলা বাইচা থাকলি আটাশ বচরের জোয়ান মরদ হইত।”
কথাগুলো বলতে বলতে সুন্দরী বেদেনি আকুল নয়নে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে মাইনকা সুন্দরীকে সান্ত্বনা দেয়,
চুপ যা। চুপ যা। চল, মোদের বেরতি হবে।”
সুন্দরী উঠে কাপড়ের ঝুলিটা গোছগাছ করতে থাকে। মাইনকা শূকরের পালকে তেড়ে কচুবনে নামাতে থাকে। সুন্দরীদের দলে আরও চারজন বেদেনি আছে। প্রত্যেকের কাঁধে ঝোলা। তারা গ্রামের রাস্তা ধরে। হঠাৎ তাদের পিছন থেকে মাইনকা বেদের কণ্ঠস্বর শোনা যায়—
সুন্দরী, একটুকুন দাঁড়া। মুই যাব।”
সুন্দরীদের দল দাঁড়িয়ে পড়ে। দলের সব থেকে কম বয়সি মেয়েটা ফিক করে হেসে ফ্যালে,
অ দিদুন, দাদু যে তুমারে ছেড়ে থাকতি পারতেচি না! দেকো, পিচে পিচে চইলে এসিতেচে!”
মাইনকা বেদে হাঁপাতে হাঁপাতে সুন্দরীদের সামনে এসে পড়ে। এখন আর তার গায়ে তেমন শক্তি নেই। একটুতেই হাঁফ ধরে যায়। বয়স হচ্ছে তো। সুন্দরী মাইনকা বেদেকে দেখে হতবাক! এর মধ্যে কখন সে তাঁবুতে গিয়ে চকরাবকরা হলুদ জামা পরেচে! উলুপি নাগের ঝাঁপিটাও নিয়েছে যে!
তুই ইকেনে! মোর শুয়োরের পাল কুতা! তু কি সাপ খেলা দেকাইবি! একন লোকের সুময় কুতা! সব যে ধান ঝাড়তিচে! কে দেকবে তুর সাপ খেলা?”
তুই ভাবিস কেনে? মুই গায়েনের বেটার কাচে শুয়োরের পালের ভার দিইচি। লোকেরা কাজ করুক কেনে, গাঁয়ের ছেলেপিলারা দেকবে সাপ খেলা।”
উরা কি পয়সা দিবে!”
উরা ঘর থিকে চাল, আলু আনি দিবেকন।”
তুই তবে গাঁয়ের দকিন পারে যা, সাপ খেলা দেকাতি। উদিকে একটা খেলার মাঠ আছেক। অনেক ছেলেপিলে পেয়ে যাবিক। মুরা গাঁয়ের ভেতরপানে যাই। বিষহরির গান শুনাইলে কিচু পাব বউঝিয়েদের কাচ থেকেন।”
মাইনকা বেদে ডুগডুগি বাজাতে বাজাতে হেঁটে যায়,
সাপ খেলা দেকবে গো, সাপ খেলা আ-আ…”
 

ক্রমশ

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)