বাতায়ন/গল্পাণু/১ম
বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০
গল্পাণু
প্রভাত ভট্টাচার্য
প্রাচীর
প্রাচীরটা রয়েছে
অনেকদিন ধরেই। কতদিন ধরে, তা কেউ বলতে পারে না। গায়ে তার শ্যাওলা ধরে গেছে। তার
থেকে গজিয়েছে নানা রকমের গাছ। তবে প্রাচীরটাকে দেখে বেশ মজবুত বলেই মনে হয়।
প্রাচীরটা বিশাল লম্বা।
দুদিকে বাড়ি, গাছপালা, মাঠঘাট। যে যার মতো থাকে। এত লম্বা প্রাচীর যে কেন তৈরি করা
হয়েছিল, তা কেউ জানে না। আর কেউ সেটা ভাঙারও চেষ্টা করে না। মাঝে মাঝে কেউ কেউ
তাকিয়ে দেখে তার দিকে। হয়তো কেউ ভাবে যে ওটা না থাকলে এদিকের মানুষ ওদিকে যেতে
পারে, দুটো কথা বলতে পারে।
সেদিন ভীষণ ঝড় উঠল।
সঙ্গে ভূমিকম্প। প্রবল তান্ডব শেষ হয়ে যাবার পর দেখা গেল, প্রাচীরের বেশির ভাগ
অংশই ভেঙে পড়েছে।
সবাই এতে খুশিই হল।
বাকি অংশও ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হল। রইল না তার আর কোনো চিহ্ন।
দুদিকের মানুষই একে
অন্যের সাথে কথাবার্তা বলতে লাগল। এক হয়ে গেল সবকিছু।
প্রাচীরের কথা আর কারো
মনেই রইল না।
সমাপ্ত

No comments:
Post a Comment