বাতায়ন/আতঙ্ক/অনুবাদ কবিতা/৪র্থ বর্ষ/২য়
সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | অনুবাদ কবিতা
অনামিকা
লবণ
ভাষান্তর
: ফটিক চৌধুরী
আতঙ্ক | অনুবাদ কবিতা
অনামিকা
"নারীবাদী কবিতার জন্য তাঁর প্রসিদ্ধি। ২০২০ সালে "টোকরী মে দিগন্ত: থেরী গাথা" কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান"
পৃথিবীর তিন ভাগ জলই লবণাক্ত
আর মানুষের হৃদয় হল লবণের পাহাড়—
লবণের মতোই কোমল এই হৃদয়
কত তাড়াতাড়ি গলে যায়!
লজ্জায় মাটিতে মিশে যায়
ডালে লবন কম-বেশি হলেই
যখন ছুঁড়ে ফেলা হয় থালা
ওই যে দাঁড়িয়ে আছে সরকারি দপ্তরগুলো—
রাজকীয় লবণদানি।
সবসময় বেশ যত্ন করে আমাদের পোড়া ঘায়ে
লবণ ছিটিয়ে দেয় তারা!
যাদের চেহারায় লবণ আছে—
জিজ্ঞেস করুন সেইসব নারীদের—
কত মূল্য দিতে হয় তাদের,
যাদের লবণের দাম
চুকিয়ে দিতে হয়—
সেই বিশ্বস্তদের ওপরই অভিমান করে মহাসাগর।
পৃথিবীতে তারাই হতে দেয়নি বিপ্লব,
গান্ধীজি জানতেন লবণের দাম,
পৃথিবীতে আর কিছু থাক বা না থাক—
থাকবে লবণ—
ঈশ্বরের অশ্রু আর মানুষের ঘাম—
এই লবণের কারণেই
অটল অনড় হয়ে থাকবে এই পৃথিবী।

No comments:
Post a Comment