প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

এখনও অন্ধকার [৪র্থ পর্ব] | মহাদেব গুড়িয়া

বাতায়ন/ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/২৩তম সংখ্যা/৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
ধারাবাহিক গল্প
মহাদেব গুড়িয়া
এখনও অন্ধকার
[৪র্থ পর্ব]

কান পেতে খুব নিখুঁতভাবে শুনি, পিংকু বলছে, —ইংল্যান্ডের রাজপুত্র বলছে আমায় বিয়ে করবে—হি-হি-হি—কী মজা! হি-হি-হি...


সাত
 
আমি এরপর আর পিংকুর বাড়ি যাইনি তেমন। গৌতম যায় মাঝে মাঝে। প্রতিবারই ঘুরে এসে বলে,
—পিসি একা একা কী করে যে থাকে সারাদিন! স্কুল চললে দিনটা কেটে যায়; কিন্তু সন্ধে থেকেই তো একা। বড় বড় ছুটিছাটা, পুজোর ছুটি বা গ্রীষ্মের ছুটি—এগুলো কাটায় কী করে? বাইরেও তো বেরোয় না কখনও বাড়ি ছেড়ে।
আমার শরীর পারমিট করে না। তাই গৌতমকে ছুটিছাটাতে পাঠিয়ে দিই। ও গেলে পিংকু নাকি খুব আনন্দিত হয়।
 
কিছুদিন পর বাবলুর কাছ থেকে একটা চিঠি পেলাম। ঘাবড়ে যাই চিঠি পড়ে।
—দাদা, দিদিকে এখন এ বাড়িতে এনে রেখেছি। পুজোর ছুটি পুরোটা থাকবে। মাঝে মাঝে প্রলাপ বকছে। ভাল ডাক্তার দেখাতে হবে। তুই একবার আয় তাড়াতাড়ি।
 

আট
 
বাবলুর চিঠি পেয়ে আজ সকালে এসেছি। কেমন যেন ওলট-পালট হয়ে গেল সব। দুপুরের খাওয়াদাওয়া সেরে সেই কখন শুয়েছিলাম জানালার ধারে। তখন এখান থেকে পিংকুকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ও বই পড়ছিল। দোতলার বারান্দায় আরামকেদারায় বসে রোদের দিকে পেছন ফিরে।
 
রোদ নিভে গিয়ে এখন সন্ধ্যা নামছে। মাথার ভেতর ঘুরঘুরে পোকার মতো অজস্র চিন্তা ঘুরে ফিরে যাচ্ছে। কী চেয়েছিলাম একদিন আর কী দেখছি এখন। সারা বিকেলটা পিংকু মনমরা হয়ে কখনও শুয়ে, কখনও বসে, কখনও গভীর চিন্তায় কাটাল। সন্ধেবেলা তাসের আসর বসালাম পুরোনো বন্ধুদের সঙ্গে। পিংকু শুয়ে রইল ঘরে।
 
আগে ঘরোয়া সব আনন্দের অগ্রভাগে থাকত পিংকু। এখন আর কোনও কিছুতেই যেন কোনও উৎসাহ খুঁজে পায় না ও। সেই সকালে আসার সময় একবার টুকটাক কথা হয়েছিল ওর সঙ্গে। তারপর আর হয়নি। আমরা তাস খেলে ওঠার আগেই ও খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। খেয়েদেয়ে আমরা শুয়ে পড়লাম, যে যার ঘরে।
 
শুয়ে শুয়ে ভাবি, বাবলু চিঠিতে যা লিখেছিল, তেমন তো কিছু দেখলাম না পিংকুর মধ্যে। শুনেছিলাম, কাজের মেয়েটা বাবলুকে নাকি বলেছিল, রাত্রিবেলা ঘুমের ঘোরে ও বকে। আমার তো দেরিতে ঘুমোনোর অভ্যেস। তায় গ্রীষ্মকাল। দোতলায় গিয়ে দাঁড়ালে হাওয়াও লাগবে ভাল। হাতে টর্চ নিলাম। বাইরে ভাল মতোই অন্ধকার এখন। উঠে গিয়ে ওখানেই দাঁড়ালাম। কালো মোষের মতো অন্ধকার ঝুঁকে আছে। ভূতের মতো অনেকক্ষণ একা একা দাঁড়িয়েছিলাম আমি।
 
কিছুক্ষণ পর দেখি, বাবলুও উঠে এল এখানে। ও কি আমি যে এখানে এসেছি, তা লক্ষ্য করেছিল? আমার কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করল,
—শুনতে পেলি কিছু?
—না।
আমার সংক্ষিপ্ত উত্তর। আর কোনও কথা হল না। প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলাম দুজন। নিঃসাড় রাত্রিতে চুপিসাড়ে বয়ে যাচ্ছে সময়। দূরে পাকা রাস্তার ওপর দিয়ে মালবোঝাই লরির দ্রুত চলে যাওয়ার চাপা আওয়াজ ভেসে আসছে মাঝে মাঝে। হঠাৎ ঘরের ভেতর থেকে খিলখিল হাসির শব্দ আসে। কান পেতে খুব নিখুঁতভাবে শুনি, পিংকু বলছে,
—ইংল্যান্ডের রাজপুত্র বলছে আমায় বিয়ে করবে—হি-হি-হি—কী মজা! হি-হি-হি...
 
না। আমি আর বাবলু দুজনে মুখ চাওয়াচাওয়ি করি। অন্ধকারে কেউ কাউকে দেখতে পেলাম না।
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)