প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/ তূয়া নূর সংখ্যা/ সম্পাদকীয়/ ৩য় বর্ষ/ ৪০ তম সংখ্যা/ ২৪শে মাঘ,   ১৪৩২ তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়   জিরাফের গলা "সম্পূর্ণ ভাবে ...

Friday, February 6, 2026

কবিতা— শরৎ আকাশ এবং কাশ মন | কবি— উজ্জ্বল পায়রা | পর্যালোচক— হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/পর্যালোচনা/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | পর্যালোচনা
কবিতা— শরৎ আকাশ এবং কাশ মন
কবি— উজ্জ্বল পায়রা
পর্যালোচক— হীরক বন্দ্যোপাধ্যায়

"শরৎকালে আগমনীর এক বার্তা সুন্দর ভাবে ফুটে উঠেছে এই কবিতার মধ্যে। মেঘে ওড়া পক্ষীরাজের চিত্রকল্প এক নতুন সংযোজন এখানে। কবিতাটি অসাধারণ অতুলনীয় ভাবে গড়িয়ে গেছে ছন্দের দোলায়।"


[কবিকে না-জেনে শুধু কবিতার শরীর ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
মনের মাঝে ঢাক গুড়গুড় ভাদর মেঘে পয়লা নদী
মেঘে ওড়া পক্ষীরাজ হাত-নাগালে থাকত যদি
 
শরৎ আকাশ চষে নিতাম মেঘের আঁচল ছুঁতে ছুঁতে
মনটা সোঁতা কাগজ নৌকো খাল পেরিয়ে সমুদ্রেতে
 
সমুদ্র— সে তো অগাধ-অবাধ ঢেউগুলো তার উতল হাসি
না বাবা থাক, খাল বিলেতেই নৌকো করে ঘুরে আসি
 
খাল বিলেতে নৌকো লাগে! খিলখিলিয়ে বৃষ্টি বলে
বৃষ্টি জলে ভিজতে ভিজতে ডুব সাঁতারে যেতাম চলে
 
ও জল জুড়ে শালুক পদ্ম আঁচল ভরে তুলতে গিয়ে
সারি সারি কাশের সাদা ডাকছে দেখি ঘাড় উঁচিয়ে
 
ঘাসের উপর শিউলি চাদর কোঁচড় ভরা নাড়ু খই 
আলতা পায়ে কার আগমন বুকের মধ্যে তা থই থই…
 
 
শরৎকালে আগমনীর এক বার্তা সুন্দর ভাবে ফুটে উঠেছে এই কবিতার মধ্যে। মেঘে ওড়া পক্ষীরাজের চিত্রকল্প এক নতুন সংযোজন এখানে। কবিতাটি অসাধারণ অতুলনীয় ভাবে গড়িয়ে গেছে ছন্দের দোলায়। একদিকে যেমন জল জুড়ে শালুক পদ্ম অন্যদিকে পাড়ে সারি সারি কাশফুলের মেলা মনমুগ্ধকর। আর আছে ঘাসের উপর শিউলি। মা আসছেন। ছড়ার ছন্দে কবিতা।
কিন্তু আধুনিক কবিতা বলতে একটু দ্বিধা লাগছে না কি? আসলে কবিতায় থাকে গভীরতা। থাকে ইশারা ইঙ্গিত। একটা ম্যাজিক থাকে। যাকে বলে হঠাৎ আলোর ঝলকানি। লাতিন আমেরিকার বিখ্যাত কবি পাবলো নেরুদা কবিতা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেছেন, ...if you ask me what my poetry is, I will simply answer you that I know nothing about that, but if you ask my poetry, it will tell who am I...
কবিতার বিশেষ কোনও সংজ্ঞা হয় না এটা যেমন ঠিক, তেমনি আধুনিকতা থেকে উত্তীর্ন হয়েছে কবিতার উত্তরাধুনিকতায়। এসেছে ম্যাজিক রিয়েলিজম। হয়েছে প্যারাডাইম শিফ্ট। কাজেই এ-কথা অনস্বীকার্য যে উপরোক্ত কবিতাটিকে প্রকৃত আধুনিক কবিতা বলার ক্ষেত্রে কিছু কিছু খামতি যে রয়ে গেছে পাঠকের কাছে তা এতক্ষণে স্পষ্ট হয়ে থাকবে বলে আমার আশা। স্বল্প পরিসরে এই ব্যাখ্যা যদি গ্ৰহণযোগ্য হয় তাহলে বাধিত হই।
 

1 comment:

  1. প্রথমে ধন্যবাদ জানাই সম্পাদক মহাশয়কে এই সুন্দর প্রয়াসের জন্য। আমার কবিতাটির এই সুগভীর মূল্যায়ন ও পর্যালোচনার জন্য পর্যালোচক হীরক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমার হার্দিক অভিনন্দন ও শুভকামনা জানাই। আমার কলম সার্থক হলো এমন এক সুন্দর আলোচনায়। লেখার মান সম্পর্কে ও আধুনিক কবিতার দিক, গুণমান যেভাবে নিপুণতার সঙ্গে হীরক বাবু নির্মাণ করেছেন তা সত্যি মনে রাখার মতো। আমি কৃতজ্ঞ ও কৃতার্থ হলাম। শুভেচ্ছা উভয়কে 🙏

    ReplyDelete

সূর্যাস্ত গঙ্গার বুকে


Popular Top 10 (Last 7 days)