বাতায়ন/তূয়া নূর সংখ্যা/সম্পাদকীয়/৩য় বর্ষ/৪০তম
সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়
জিরাফের গলা
"সম্পূর্ণ ভাবে গৃহস্থও তাই গৃহস্থ নন, সন্ন্যাসী আর সন্ন্যাসী নন, ধর্মের ধ্বজাধারী প্রকৃত ধার্মিক নন, দেশ সেবা আর দেশের সেবা নয়, জনহিতকর কর্ম জনতার হিতকারী নয়।"
কবি বলেছেন ‘ধর্মেও আছি জিরাফেও আছি’। সমাজের যে-কোনো
স্তরের দিকে তাকালে এ-কথাই প্রকট হয়ে ধরা পড়ে। সে তিনি ধার্মিক, রাজনৈতিক, সাংসারিক
বা যা-কিছুই হন-না-কেন। জীবনের যে-কোনো ক্ষেত্রেও
একই কথা প্রযোজ্য।
তাই-ই স্মৃতিও প্রতারক। একের পর এক অনভিপ্রেত ঘটনায়
নাজেহাল, পর্যুদস্ত মানুষের চোখ ধাঁধিয়ে যায় মানুষের দিকেই তাকিয়ে। তা নিজের ঘরে, পাড়ায়,
রাজ্যে, কেন্দ্রে মায় সমগ্র বিশ্বে। উদাহরণ না বাড়িয়েও বলা যায়, নাজিরাবাদ, বাংলা ভাষায়
কথা বলার অপরাধে গণপিটুনিতে হত্যা, সংখ্যালঘুর মৃতদেহ প্রকাশ্যে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে
দিয়ে ভিডিও তুলে নারকীয় উল্লাস বা আধুনিক যুগের বিস্ময়-মানব কৃত ভেনেজুয়েলাও বটে!
সম্পূর্ণ ভাবে গৃহস্থও তাই গৃহস্থ নন, সন্ন্যাসী আর
সন্ন্যাসী নন, ধর্মের ধ্বজাধারী প্রকৃত ধার্মিক নন, দেশ সেবা আর
দেশের সেবা নয়, জনহিতকর কর্ম জনতার হিতকারী নয়। কোথাও যেন আলাদা একটা প্রকোষ্ঠে নিজেকে
বাঁচিয়ে রাখার দুর্নিবার আত্মঘাতী প্রচেষ্টা।
এবং সব কিছুর গোড়ায় অপরিসীম লোভ। সাধ্য মতো, সামর্থ্য
অনুযায়ী নিজের অর্জনে সততার সঙ্গে বেঁচে থাকতে (জীবনের প্রয়োজনে ও জীবনের প্রয়োজন ছাড়াও)
কেউই চায় না। ফলে ধর্ম নয়, জিরাফের মতো লম্বা গলা বাড়িয়ে, ডিঙি মেরে পরস্ব হস্তগত করার
চূড়ান্ত পরিণতি মেনে নেওয়া ছাড়া গতি থাকে না। যদি-না কর্তার পদে আসীন ব্যক্তিরা কষ্টিপাথরে
যাচাই করে নিজেদের স্বচ্ছতার প্রমাণ দিতে না পারেন, যা সোনার পাথরবাটির মতোই সমতুল্য।
সারস্বত কৃষ্টির সাধনায় রত মানুষজন জিরাফের লম্বা গলার
প্রতি লোলুপ দৃষ্টিতে আকর্ষিত না হলেই মঙ্গল।
পিওড-র কল্যাণে এবং কিছু (সবাই নন) অসাধু প্রকাশনা সংস্থার
পাতা প্রতারণার ফাঁদে লেখককুল তাৎক্ষণিক খ্যাতির মোহে সহজেই ধরা দেন (জেনে অথবা না-জেনে)
এবং সমাজ মাধ্যমে ফলাও করে ছবি ছাপেন, প্রচার করেন। বাস্তবে তাঁরা হাতে পান (কপাল ভাল
হলে ১০ কপি) নইলে ৪ কপি। নিশ্চয়ই কোনও লেখক বা কবি এই সামান্য উদ্দেশ্যে সাহিত্যচর্চা
করেন না। অতএব এখন সিদ্ধান্ত লেখককুলেরই হাতে তাঁরা তাৎক্ষণিক মোহের পিছনে ছুটবেন নাকি
পাঠক-হৃদয়ে স্থায়ী আসন লাভের জন্য সচেষ্ট হবেন।
No comments:
Post a Comment