প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, April 8, 2026

কবিতা— তপস্বীর তৃষ্ণা মিটুক | কবি— অজয় দেবনাথ | পর্যালোচক— উজ্জ্বল পায়রা

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/পর্যালোচনা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | পর্যালোচনা
কবিতা— তপস্বীর তৃষ্ণা মিটুক
কবি— অজয় দেবনাথ
পর্যালোচক— উজ্জ্বল পায়রা
 

"একলব্যের কথা আমরা যা জানি কবি তাকে বোধহয় আরো অনেক বেশি বাড়িয়ে তুললেন অর্থাৎ বললেন একলব্যের সাধনাও মাত্রা ছাড়াতে পারে না এক প্রেমিক হৃদয়ের কাছে।"


[কবির নাম না-জেনে শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
 
আমাকে ছুঁয়েছ তুমি সে-ভাবেই
যে-ভাবে চাঁদ ছুঁয়ে যায় প্রেমিক হৃদয়
 
আমি ছুঁয়েছি তোমাকে দীর্ঘ তপস্যায়
একলব্যের মতো নিজেকে অতিক্রম করার সাধনায়
যদিও কেটেছে মাঝে অনেক সময়, হয়তো সকাল থেকে সন্ধে
                                 …হয়তো দ্বাপর থেকে কলি
আজ কী শুধু বাঁশি বাজালেই চলে…
 
তখন ছিল অন্যদিন, অন্যরকম জীবন
গোঠের রাখাল চরিয়ে ধেনু বাঁশিতে তুলত সুর…
                                    বাঁশির সুরে, কলকাকলিতে ভেসে যেত মন
গোপিনীরা আসত ছুটে ফেলে সব কাজ
আবারও ব্যর্থ হত রাধিকার ছদ্ম-সংসার
কেটে যেত দিন, কেটে যেত মোহময়ী চাঁদনি রাত
হয়তো ময়ূরের ডাকে ভোর হত
হয়তো তারপরেও থাকত প্রতীক্ষা সূর্য ডোবার…
 
আজ স্ফটিক জলের অপেক্ষায় চাতকের মতো আনচান করে প্রাণ
দ্বিধা জাগে, সত্যি তুমি ছুঁয়েছিলে পর্বতচূড়া, বন-প্রান্তর, উদ্দাম সাগর
যে-ভাবে চাঁদ অপরূপ মায়ায় চুঁইয়ে চুঁইয়ে স্পর্শ করে যায়
                                    এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…
যে-ভাবে অনায়াসে নদী মিশে যায় মোহনায়
যদি সত্যিই তেমন করে ছুঁয়ে থাক, তবে বৃষ্টি হয়ে ঝরে পড়ো
তৃষ্ণার্ত তপস্বী চাতকের তৃষ্ণা মেটাও…
 
 
প্রেম অবিনশ্বর। প্রেমের জন্য কত মানুষ ঘরছাড়া কাঙাল। কেউ বাউল কেউ দেবদাস আবার কেউ মজনু। আমার এই নাম না জানা সম্পূর্ণ অপরিচিত কবি চির তপস্বী প্রেমের জন্যই। তাঁর তৃষ্ণার্ত প্রেম কবিতার ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছেন। প্রবেশ ঘটিয়েছেন পাঠকের অন্তর্গুহায়।
 
এক অনিঃশেষ প্রতীক্ষায় ধৈর্যহারা না হয়ে অপেক্ষার পর অপেক্ষায় দিনমান অনবরত কেটে যাওয়া। অনুভবে যার প্রাপ্তি, হোক সে অনন্ত তবুও পরম তৃপ্তির কল্প মধুরিমা ছুঁতে চেয়ে সে নিবেদিত সত্তা।
 
কবিতায় তাঁর মনের ভাবনার বিকাশ ঘটাতে কবি কিছু উপমার ব্যবহার ঘটিয়েছেন—
"একলব্যের মতো নিজেকে অতিক্রম করার সাধনায়
যদিও কেটেছে মাঝে অনেক সময়"
একলব্যের কথা আমরা যা জানি কবি তাকে বোধহয় আরো অনেক বেশি বাড়িয়ে তুললেন অর্থাৎ বললেন একলব্যের সাধনাও মাত্রা ছাড়াতে পারে না এক প্রেমিক হৃদয়ের কাছে।
 
"দ্বাপর থেকে কলি
আজ কী শুধু বাঁশি বাজালেই চলে…"
প্রেমিক কৃষ্ণ যিনি প্রেমের শাশ্বত চিরায়ত রূপ, সেই রূপ এখানেও প্রস্ফুটিত নতুন আভাসে। সেকালের সেই রাখালিয়া প্রেম আর গোপিনীর গোপন বিহার যেন অমর আজও।
 
চাঁদ চেয়ে থাকে চকোরির পানে। চাতক চেয়ে থাকে মেঘ পানে আর কবিতায় প্রেমিক কবি চেয়ে আছেন তার অধরা প্রেমাস্পদের দিকে বুকের হাহুতাশ তৃষ্ণা নিয়ে—
"যে-ভাবে চাঁদ অপরূপ মায়ায় চুঁইয়ে চুঁইয়ে স্পর্শ করে যায়
এক দিগন্ত থেকে অন্য দিগন্তে…
যে-ভাবে অনায়াসে নদী মিশে যায় মোহনায়"
এভাবেই একদিন তাঁরা মিলিত হবেন দুরন্ত দুর্বার অথচ নিদারুণ সহিষ্ণু সাবলীল স্বর্গীয় ছেদহীন ক্লান্তিহীন স্বতঃস্ফুর্ত ইচ্ছে নিয়ে।
 
প্রেম আর বিরহ একটি টাকার এপিঠ আর ওপিঠ। আলোচ্য কবিতায় প্রেমের সার্থকতা আনাতে মিষ্টি বিরহ বার্তাও কবি প্রচ্ছন্নে এঁকেছেন।
 
তাই বলি-
হে প্রেম; তোমার ভেলায় ভাসুক তোমার কালজয়ী চেতনার পসরা। ধন্য হোক, পুণ্য হোক অপূর্ণতার পবিত্র বাসনা।
মিলন মাহাত্ম্যে মিটুক তৃষা।

8 comments:

  1. কবিতাটি মাধুর্যমন্ডিত। খুবই রোমান্টিক ভালো লাগলো। কবিতার সমালোচনা টিও যথাযথ। কবি ও সমালোচক দুজনকেই ধন্যবাদ জানাই।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 12, 2026 at 7:31 PM

      সঙ্গে থাকুন সাথী...

      Delete
  2. দীপক বেরাApril 12, 2026 at 4:48 PM

    চমৎকার বিশ্লেষণ! প্রেমের সার্থকতা যে কেবল মিলনে নয়, বরং এই মিষ্টি বিরহ আর অনন্ত অপেক্ষায়—তা আপনার এই লেখায় সার্থকভাবে ফুটে উঠেছে।
    প্রিয় কবি এবং পর্যালোচক—উভয়কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 12, 2026 at 7:32 PM

      অনেক অনেক ধন্যবাদ দীপক-দা। সঙ্গে সঙ্গে থাকুন।

      Delete
  3. আজও এমন আকুল করা প্রেমের কবিতায় সম্পৃক্ত মনও আলোড়িত হতে চায় । অনেক ধন্যবাদ কবিকে, পর্যালোচকেও ।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 13, 2026 at 9:49 AM

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধু, সঙ্গে থাকুন। আর, ভবিষ্যতে অবশ্যই নিজের পরিচয় দিন।

      Delete
  4. প্রেম বরাবর চির ভাস্বর হয়েছে যুগ যুগ ব্যাপী। তার প্রকৃত অনুভূতি কেবলমাত্র প্রেমিক প্রেমিকারা উপলব্ধি করতে পারেন। সেই স্বাদ অতুলনীয়। বিশাল তার অনুভূতি। সেই একই স্বাদ সমানভাবে সময় ছাড়িয়ে দেশ কাল তথা সময়ের ঊর্ধ্বে থেকেছে । কবি বলতে চেয়েছেন - কৃষ্ণের সময়কার গোঠের রাখাল বাঁশির সুরে প্রেমের রং ছড়িয়ে দিত গোপিনীদের মধ্যে। বর্তমান সময়েও ডিজিটালাইজড প্রেম প্রতিষ্ঠিত হচ্ছে। কবিতার বিষয় আঙ্গিক অসাধারণ ভাবে পরিস্ফুটিত হয়েছে শব্দ ব্যঞ্জনায়। আলোচক ও যথাযথভাবে বর্ণনা করেছেন।
    তপস্বীর তৃষ্ণা মিটুক কবিতার কবি অজয় দেবনাথ এবং আলোচক উজ্জল পায়রার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।
    কবি আরো অনেক কবিতার উপহার দিক পাঠক সমাজে।আমরা আরো ঋদ্ধ হই।সমৃদ্ধ হই।ভালো লাগুক আমাদের ।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথApril 13, 2026 at 9:54 AM

      এমন মনোযোগী পাঠক যে-কোনো কবি-সাহিত্যিকের কামনার ধন। আপনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বজায় রেখে বলি, আপনার পরিচয় জানতে মন বড় ব্যাকুল, ভবিষ্যতে আপনার পরিচয় পেলে ভাল লাগবে।

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)