প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

কবিতা— অক্ষরবৃত্ত ঘোর | কবি— দেবলীনা | পর্যালোচক— উজ্জ্বল পায়রা

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/পর্যালোচনা/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | পর্যালোচনা
কবিতা— অক্ষরবৃত্ত ঘোর
কবি— দেবলীনা
পর্যালোচক— উজ্জ্বল পায়রা

"একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে নানা কথা-উপকথা। কবি তাঁর কবিতাকে প্রেয়সী রূপে আঁকেন আর প্রেম তার প্রেমাস্পদকে মনের মতো করে গড়ে তুলতে চায়।"


 
অজস্র মান্যতা ও সম্ভ্রমের আদলে আছ জড়িয়ে
 
তোমায় অবলীলায় পড়া যায়...
হোক সে দেবনাগরী বা ব্রাহ্মী লিপির হরফ
 
যদিও,
মাঝে মাঝে বাদ সাধে অনড় কিছু যতিচিহ্ন!
 
তুচ্ছ কিছু শিলাখণ্ডের মতো
কখনো এড়িয়ে যাওয়া বা হাওয়া বদলের গতিবিধি,
যত অস্ফুট সংলাপকে তাড়িয়ে বেড়ায়
আর শেষ বিকেলের আলো শুষে নেয় অক্ষরবৃত্ত ঘোর
 
অথচ,
আমার মধ্যে তখনো কথার ঢেউ বেহুলার মতো ভাসে
সত্যি বলতে,
তোমার সাথে কথা না হলে সবকিছু ভুল হয়ে যায় নিমেষে…
 
 
ছন্দে, অলংকারে, ভাষায় ও মাত্রা লিপিতে নির্মিত হয় কবিতা শরীর, একটি পূর্ণাঙ্গ কবিতা। সে কবিতা কখনো রূপক কখনো ব্যঞ্জনাময় কখনো সরলতার আদলে মোড়া। তবু কবিতা কবিতাই। সে গদ্যের মতো সহজ হয়ে কখনো ধরা দিতে পারে না। তার মধ্যে থাকে গোপন ছলাকলা। আর বিজ্ঞ পাঠক সহজে ধরে ফেলেন তার সরলতম হৃদয় বার্তাটি-
"তোমায় অবলীলায় পড়া যায়...
হোক সে দেবনাগরী বা ব্রাহ্মী লিপির হরফ"
 
একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে নানা কথা-উপকথা। কবি তাঁর কবিতাকে প্রেয়সী রূপে আঁকেন আর প্রেম তার প্রেমাস্পদকে মনের মতো করে গড়ে তুলতে চায়। মান্যতা ও সম্ভ্রমতার আদল ভেদ করে ঠিক পড়ে নিতে পারেন প্রেমাস্পদকে। তার লিপিকৌশল অধরা থাকে না।
 
তবু যতিচিহ্ন বাধ সাধে। ব্যক্তি প্রেমিকের জীবনেও থেমে থেমে যায় গতিপথ। অবশেষে হাওয়া বদলের পালায় এড়িয়ে যাওয়ার চূড়ান্ত পর্বে পৌঁছে যায় বিকেলের শেষ সূর্য। এখানেই "অক্ষরবৃত্ত ঘোর"।
 
কবি তার শেষ চমকটুকু চমকপ্রদ করে আঁকলেন কবিতার শেষ স্তবকের এই লাইনে—
"অথচ,
আমার মধ্যে তখনো কথার ঢেউ বেহুলার মতো ভাসে"
 
এখানে ব্যবহৃত চিত্রকল্প "কথার ঢেউ বেহুলার মতো ভাসে" অতি নিপুণ কারিগরের মতো উজ্জ্বল হয়ে চিত্রিত। সবশেষে—
"তোমার সাথে কথা না হলে সবকিছু ভুল হয়ে যায় নিমেষে…" এই সরল স্বীকারোক্তিতে কবি-মনের প্রেমিক সত্তার ঢেউ আছড়ে পড়ে কবিতাকে দিয়েছে অনন্য মাত্রা।
 
এবার বলি, প্রেমে বিরহ-বিচ্ছেদ অলংকারের মতো শোভিত হয়। এক কথায় বিরহ না হলে প্রেম সেজে ওঠে না। আমরা কিছু রূপক, কিছু ব্যঞ্জনাময় এই কবিতা পাঠে তার অন্যতম স্বাদ নিতে পেরেছি বলে আমার মনে হয়েছে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)