বাতায়ন/চৈতি
হাওয়া—নববর্ষ/গল্পাণু/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | গল্পাণু
সুদীপ্তা চট্টোপাধ্যায়
বৃষ্টির
রাত
চৈতি হাওয়া—নববর্ষ | গল্পাণু
সুদীপ্তা চট্টোপাধ্যায়
"বলতে পারে না, না-বলা সেই গোপন প্রেমের কথা। আমি তোমার জন্য এখনো অপেক্ষায়। অন্য কোনো নারী এখনও আমার জীবনে আসেনি।"
ভদ্রমহিলাকে দেখেই অনিমেষের মনে পড়ে গেল সেই স্নিগ্ধার কথা। কলেজের প্রথম প্রেম। বলা হয়ে ওঠেনি। স্নিগ্ধা ছিল রমেশের। তাদের প্রেম কলেজের লাইব্রেরি থেকে ক্লাসরুম আলোচনার বিষয় ছিল। তারপর রমেশের সাথে দীঘার সৈকতে ঘোরার সময় বেশ কিছু ছেলের হাতে… পেপারে বড় বড় অক্ষরে লেখা ধর্ষণ। মিডিয়ার হই হই।
তারপর কলেজ ছেড়ে দেয় স্নিগ্ধা। এই কারণে প্রেমটাও ভেঙে যায় শুনেছিল অনিমেষ। হঠাৎ বিদ্যুতের চমক। চমকে ওঠে অনিমেষ। রাস্তার ও-পারে ভিজে যাওয়া ভদ্রমহিলাটি স্নিগ্ধা। বিদ্যুতের আলোতে স্পষ্ট চেনা যায়। গালে সেই তিল। একটা বাস এসে দাঁড়ায়। স্নিগ্ধা উঠে পড়ে বাসে।
অনিমেষ কাছে যেতে চেয়েও কাছে যেতে পারে না। বলতে পারে না, না-বলা সেই গোপন প্রেমের কথা। আমি তোমার জন্য এখনো অপেক্ষায়। অন্য কোনো নারী এখনও আমার জীবনে আসেনি। চৈত্র মাসের এক দমকা হাওয়ায় অনিমেষের শরীর কাঁপতে থাকে। চৈতির প্রবল হাওয়ায় সমস্ত পাতা ঝরে যায়। নতুন বছরে নতুন পাতার জন্ম নেয়। স্নিগ্ধা তার কালো অতীতের সাথে যুদ্ধ করে অনেকটা পথ এগিয়ে গেছে। বৃষ্টি আবার শুরু হয়ে যায়। মেঘের গর্জন আর বিদ্যুৎ। অনিমেষ বৃষ্টিতে ভিজতে থাকে।
~~000~~

অপূর্ব
ReplyDelete