বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন,
১৪৩১
শারদ | গল্পাণু
প্রভাত ভট্টাচার্য
শরৎ এলো
"সেই সময় নেমে আসে ত্রিশূল। আশায় বুক বাঁধে সবাই। এবারে আর্তনাদ কিন্ত দানবের। জয় হয় শুভ শক্তির।"
বর্ষার পর যথারীতি শরৎ এলো। প্রতি বছরই
আসে। সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, মৃদুমন্দ
হাওয়া, শারদোৎসবের হাতছানি, এ সবকিছুই
সাথে নিয়ে।
তবে এবারে শরৎ এলো একটু অন্যভাবে। সাদা মেঘের সাথে অজস্র কালো মেঘ, আর অশনিসংকেত। অশুভ শক্তির দাপাদাপি। প্রমত্ত দানবের হুঙ্কার। ভেসে আসে গগনভেদী আর্তনাদ। কাশফুলের হাসি মিলিয়ে যায়।
রব ওঠে চারিদিকে- প্রতিকার চাই। সেই সময় নেমে আসে ত্রিশূল। আশায় বুক বাঁধে সবাই। এবারে আর্তনাদ কিন্ত দানবের। জয় হয় শুভ শক্তির।
আবার ফিরে আসে শরতের সেই রূপ, সেই কাশফুলের হাসি। আনন্দের মাঝেও যেন মনে রাখি অত্যাচারিতা, নিপীড়িতার মুখ।
সবকিছু নিয়ে এবারে শরৎ এলো।
সমাপ্ত

No comments:
Post a Comment