প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, December 11, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | কালো আকাশ রক্তাক্ত মেঘ

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | কালো আকাশ রক্তাক্ত মেঘ

মোহন রায়হান

কালো আকাশ রক্তাক্ত মেঘ


কোথাও শান্তি নেই! যে দিকে তাকাও
সংঘাত সংঘর্ষ যুদ্ধ আর অসহায় মানুষের
                                বিপন্ন আর্তনাদ!
জীবনের মায়ায় ছুটছে উদ্বাস্তু স্বদেশের মায়া ছেড়ে
নারী ও শিশুর কান্না-ভেজা ভয়ার্ত মুখচ্ছবি!
ক্ষতবিক্ষত রক্তাক্ত আজ পৃথিবীর প্রতিটি প্রান্তর
সুবর্ণ ফসলের মাঠ, সবুজ বনানী, নীল জলাশয়
পুড়ছে শহর নগর বন্দর প্রাচীন-আধুনিক সভ্যতা
প্রাণী-পরিবেশ নিশ্চিহ্ন হিংসার ফসিল!
মানুষের তৈরি মারণাস্ত্র মারছে মানুষকেই!
গুলি বোমা বারুদে দিশেহারা অগণন প্রাণ!
ধর্ম বর্ণ গোত্রের জঙ্গিরা কী ভয়ানক নৃশংসতায়
প্রতিদিন কেড়ে নিচ্ছে কত নিরীহ নরনারী
                                আর শিশুর জীবন!
ধর্ষণ খুন নিপীড়ন মানবতার চরম অবমাননায়
বার বার কেঁপে কেঁপে উঠছে ভূপৃষ্ঠ! কে কার
চেয়ে বড়, কে কত শক্তিমান সেই প্রতিহিংসার
আস্ফালন নির্বাক অসহায় পৃথিবী!
ক্রমে ক্রমে সবকিছু গুটিকয় দানব
আগ্রাসী হাতের মুঠোয় পুরে নিতে চায়
চোখ মেলে দেখা, ঠোঁট নেড়ে কথা
প্রাণ খুলে হাসা বা কান্না কিংবা চিৎকার
কেউ কাউকে ঘৃণা অথবা ভালবাসা
কোনোকিছুরই স্বাধীনতা দিতে চায় না!
যেন সবই তাদের উত্তরাধিকার!
বিশ্ব-মানচিত্র আজ কতিপয় লাল নীল সাদা
ঈগল শকুন বাজ পাখির হিংস্র থাবায় ছিন্নভিন্ন
ভূলুণ্ঠিত মানবতা কাঁদে অক্ষম ঈশ্বরের দরবারে!
 
মর্ত্যের আকাশে আজ নীল নেই
স্বার্থের কালো কফিনে মোড়া রক্তাক্ত মেঘ!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)