বাতায়ন/মাসিক/হলদে খাম/২য় বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
মোহন
রায়হান সংখ্যা | হলদে খাম
কনককান্তি
মজুমদার
আবছা আলোর অতীত ভোরকে দিশাহারা প্রেমিক
"কতকাল দেখাসাক্ষাৎ নেই হবে কিনা তারও নিশ্চয়তা নেই। জানা নেই আজকের পড়ন্ত বেলার অবস্থান। তেমন আকাঙ্ক্ষার উপস্থিতি তাই-বা মনের কোনে - উঁহু না বোধের আলোয় আলোকিত নয়। তবুও আছ প্রচণ্ডভাবে আছ অতীত সীমানার হারানো আঁধারে।"
প্রিয়তমাসু
হেমন্তের
শিরশিরানির হিমেল হাওয়ার বহু যুগের ওপার হতে বুঝি ডাক এলো
তোমার। তাই চলকে ওঠা অতীত রোমন্থনের সানন্দে এই চিঠির অবতারণা। ছেঁদো চিরাচরিত
কথাগুলো কেমন আছ, ও
কেমন আছে, সে
কেমন আছে এসব কচকচিতে যাচ্ছি না গো। বলি আমি-হারা তোমার এই আমিতে
মজে আছ নিশ্চয়ই। আগাপাস্তলা সুখ আর আনন্দবিহারে।
ছেঁড়াখোঁড়া বাতিলকে কেই-বা মনে রাখে!
তবু প্রেমের প্রথম পাঠ সে তো যত্নে তুলে রাখা বিয়ের বেনারসি গো। তাই না? বর্ষান্তে
ভাদ্রপদের রোদে দিয়ে আবার যত্নের সম্ভারে সাজিয়ে রাখা। কী গো ঠিক বললাম তো? আমি কিন্তু বাপু বুকের চিলেকোঠায় লুকিয়ে রেখেছি তোমায়
সকলের অন্তরালে আপন অন্তরে। খাঁ খাঁ
গ্রীষ্মকালীন দুপুরে কিংবা ঘন
বর্ষার মাতাল করা দিনে মনের আয়নায় মুখ দেখি আজ।
তখন কত-বা বয়স কৈশোরের প্রারম্ভকাল। চোখের টানে তুমি এলে মনের মণিকোঠায়। হাতে হাত নেই, শরীরে শরীর নেই, কথায় কথা নেই, শুধু দেখার আঙিনায় রোজকার মিলন। স্বপ্ন দেখার মন বুদ্ধিও ছিল না আমাদের। কেমন আবেশে জড়িয়ে ছিলাম দুজনে দুজনের হয়ে। আজ বুঝি স্বর্গীয় প্রেম এমনই হয়!
কতকাল দেখাসাক্ষাৎ নেই হবে কিনা তারও নিশ্চয়তা নেই। জানা নেই আজকের পড়ন্ত বেলার অবস্থান। তেমন আকাঙ্ক্ষার উপস্থিতি তাই-বা মনের কোনে - উঁহু না বোধের আলোয় আলোকিত নয়। তবুও আছ প্রচণ্ডভাবে আছ অতীত সীমানার হারানো আঁধারে। তাই তোমায় এতভাবে এমন করে বলা। পাঠাই তাও অজানার অজানাতেই। যদি প্রেমের আকুল টানে তোমার হাতে পত্রখানি আসে বহু পথ ঘুরে, জানি বিস্মৃত বিস্ময়ে অবাক হবে। ভাবতে বসবে। মনে পড়লে ভাল, নইলে অস্থিরতার দোলায়িত দোদুল্যমান কিছুক্ষণ। ফের ভুলে যাওয়া।
ভাল থেকো বর্তমানে। দরকার কী হারানো অতীতের পিছে ছুটে মনের বুকে জলোচ্ছ্বাস! ওতে বুকে সর্দি জমবে। ডাক্তার পাবে না ওষুধও না।
চলি
তোমার হারানো অতীত

No comments:
Post a Comment