প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, December 12, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | শাশ্বত হে শহীদেরা

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | শাশ্বত হে শহীদেরা

মোহন রায়হান

শাশ্বত হে শহীদেরা


আমরা তোমাদের ভুলে গেছি
ভুলে গেছি তোমাদের হীরণ স্মৃতি।
মনে রাখবার মতন অতটা সময় কোথায়?
আমরা সবাই ব্যস্ত যে-যার ধান্দায়।
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে কোনো মানুষেরই
আত্মোৎসর্গ আর বেশি স্পর্শকাতর নয়
বেশিদিন কারো স্মৃতি ধরে রাখবার মানবিক
বোধ ক্রমশ লোপ পাচ্ছে আর চেতনা নামক
উচ্চমূল্যবোধ সে তো মধ্যযুগী আদর্শবাদ।
সকল কিছুই কম্প্যুটারের ডাটা এন্ট্রি
প্রসেসে ঢুকে যাচ্ছে; কীবোর্ড আঙুল ছুঁলেই
হৃদয়ের পরিমাপ মগজের সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতনাফলক
দ্রুত ভেসে উঠছে উজ্জ্বল স্ক্রিনে দিন ক্ষণ তিথি লগ্ন
স্মরণ উৎসব হার্ডডিক্সে রেখে সুনিশ্চিত থাকা যায়।
মন-হৃদয়-চেতনা-অনুভূতি রাবীন্দ্রিক এইসব
ঝেড়েমুছে ফেলেইলেকট্রো মডার্ণ হতে হবে আজ।
তোমাদের তাই আর মনে রাখতে পারছি না
হে প্রিয়, শহীদ সাথী ও বন্ধুরা
স্মৃতি নামক পরাবাস্তব শব্দটি পরিহার করতে চাই।
তোমাদের বিদ্রোহী চোখ প্রতিবাদী ঠোঁট
চিতাবাঘের মতন চিতানো বুকের ফিনকি দেয়া রক্ত
বড়বেশি ডিস্টার্ব করে আজকাল।
তোমাদের রক্তছোঁয়া অঙ্গীকার
আজ আমাদের অর্থ-সম্পদ-ক্ষমতা
ঐশ্বর্য-প্রাচুর্যের বড়বেশি বাধা।
পুনরুত্থিত পুঁজিবাদ-মৌলবাদ-স্বৈরশাসনের
আধুনিক সৌরজগতে প্রবেশ করতেই হবে
তোমাদের মনে রাখা একেবারেই অসম্ভব।
তোমাদের ভাই বোন প্রিয় সাথী-সহযোদ্ধা
হৃদয়তমা নারী স্বজন বান্ধব
কারো পক্ষেই আর বছরের-পর-বছর স্মৃতি নিয়ে
কালক্ষেপণ সম্ভব নয়।
শুধুমাত্র তোমাদের গর্ভধারিণী মায়েরা
কোনোমতেই যাদের কম্প্যুটার-জগতে ঠেলে দেওয়া যাবে না
শুধু তারাই দিনরাত অশ্রুপাত করতে পারবে আমৃত্যু।
আমরা তোমাদের ভুলে গেছি
        ভুলে গেছি...
                ভুলে গেছি...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)