মোহন রায়হান সংখ্যা | প্রবন্ধ
শিশির আজম
পাবলো পিকাসোর 'মাতৃত্ব'
"প্রথম দেখাতেই ক্যানভাসে উপরনীচ চিত্রতলের রঙের কাজ আর মা ও শিশুর ফিগারে স্থাপত্যসুলভ গাঁথুনি দর্শককে বিস্মিত করবে অথবা অস্বস্তিতে ফেলবে। অথচ তরুণ পিকাসো তখন কেবলই কাতালোনিয়া থেকে শিল্পসাহিত্যের কেন্দ্রস্থল প্যারিসে থিতু হয়েছেন।"
এমন কোন
শিল্পী কি আছেন যিনি মাতৃত্ব নিয়ে ছবি আঁকেননি? এই ছবিটা দেখুন। 'মাতৃত্ব'। ১৯০১
সালে পিকাসো এটি আঁকেন।
অর্থাৎ পিকাসোর একেবারে প্রথম দিককার ছবি বলা যায়। কিন্তু
মাতৃত্বকে উপজীব্য করে সৃষ্ট যেসব ছবি ইতোপূর্বে আমরা দেখেছি বা দেখে অভ্যস্ত তার
পরিপ্রেক্ষিতে বলা যায় এটা আমাদের গতানুগতিকভাবে ছবি দেখা ও উপভোগের ডাইমেনশানে বড়
এক ধাক্কা। প্রথম দেখাতেই ক্যানভাসে উপরনীচ চিত্রতলের রঙের
কাজ আর মা ও শিশুর ফিগারে স্থাপত্যসুলভ গাঁথুনি দর্শককে
বিস্মিত করবে অথবা অস্বস্তিতে ফেলবে। অথচ তরুণ পিকাসো তখন
কেবলই কাতালোনিয়া থেকে শিল্পসাহিত্যের কেন্দ্রস্থল প্যারিসে থিতু হয়েছেন। শিল্পী
দালি-ব্র্যাক আর কবি এলুয়ার-আরাগোঁসহ আগুনঝরা তারুণ্যে
নিজেকে সঁপেছেন। তখন উনি এই ছবি আঁকলেন তীক্ষ্ণ স্প্যানিশ
স্থৈর্যে, জ্যামিতিক
পদ্ধতিতে আঁকা বাস্তবতায়। রেনেসাঁপুরুষ এল গ্রেকো কি আছেন এই ছবিতে? অথবা ফরাসী
সলোঁকে অবজ্ঞা করা উদ্ধত ও মেধাবী তরুণ শিল্পীদের
প্রশ্রয়দাতা গুরুশিল্পী তুলুঝ লোত্রেক? হ্যা, সন্তানের প্রতি স্নেহ-কমনীয়তার ঘাটতি
এখানে নেই। কিন্তু পশ্চাৎপটে যে রং আর তুলির দার্শনিকতাসুলভ আন্দালুসীয় টান তা
কীসের ইংগিত দেয়? কোন
অনিশ্চয়তা না কি সুখী ভবিষ্যৎচিন্তা? আর একটা ব্যাপার, এই ছবিতে
ভাস্কর্যসুলভ টেক্সচারের যে কাজ তা গঘ-সেজানের গাঢ় ব্রাশস্ট্রোকের ইমেজকে মনে
করিয়ে দেয়। না কী ব্র্যাকের সঙ্গে তার বন্ধুত্বটাই তাকে
উশকে দিয়েছে এই রীতিবিচ্যূত অভিপ্রায়ের দিকে। অন্যভাবে বলা যায় এই ছবির অনুভাস
আমরা জর্জ ব্র্যাকের কাজে সুস্পষ্টভাবেই পেয়েছি, আর যা
পরবর্তীকালে কিউবিজমের বীজতলা হিসেবে পরিগণিত হবে।
সমাপ্ত


ভালো লাগলো ভীষণ
ReplyDeleteপরাণ মাঝি