প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Sunday, April 26, 2026

যন্ত্রণাময় রাতগুলি | সঞ্জিতা চৌধুরী

বাতায়ন/আতঙ্ক/গল্পাণু/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | গল্পাণু
সঞ্জিতা চৌধুরী
 
যন্ত্রণাময় রাতগুলি

"মায়ের মৃত্যুর রাতেও ঠকঠক করে কাঁপছিল। সকলে ভেবেছিল মাতৃবিয়োগ হজম করার লড়াইয়ে কাঁপছে নিখিল। কিন্তু একমাত্র ওই জানতজল দেখলেই ডুবে যাওয়া বন্ধুর হাতটা ও দেখতে পায় এখনো।"

 
দমবন্ধ সেই এক যন্ত্রণা, বছরের পর বছর সহ্য করে চলেছে নিখিল। ঘুমটা ভেঙে গেল। এসি চলছে তবুও ঘামে জবজব করছে সে। নিখিল উঠে বসল, পাশেই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ঘড়ি দেখল। সকাল হতে এখনো অনেকটা সময় বাকি আছে। সবে রাত দুটো বাজে। একবার ঘুম ভাঙলে আবার ঘুমটা আসতে সময় লাগে তার। জলের গ্লাসটা হাত বাড়িয়ে টেবিল থেকে নেয় নিখিল, এখন একটু বুক ধড়ফড়টা কমেছে। বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরাতে উঠে পড়ে।
 
বাইরে যেতেই মিষ্টি কোনো ফুলের গন্ধ ভেসে আসে নাকে। আরাম হয় যেন। রাতের আকাশটা বেশ তারায় ভরা, কী শান্তি সর্বত্র। কেন যে বছরের পর বছর এক স্বপ্ন ওকে যন্ত্রণা দিয়ে চলেছে ভাবতে থাকে। হয়তো আমৃত্যু বয়ে যেতে হবে দমবন্ধ করা ওই দৃশ্য। সহ্য করতে হবে ঘুমের মধ্যে অক্ষম এক আস্ফালন। ফিরে যেতে হবে সেই ক্লাস নাইনের নীলের পুজোয় গঙ্গার ঘাটে। রোজকার মতোই দুই বন্ধুর পুকুরে সাঁতার কাটা, জল ছোঁড়াছুঁড়ি, পা টানাটানি আরো কত সব সুন্দর স্মৃতি।
 
সাঁতার জানা সত্ত্বেও একদিনে হঠাৎ সব শেষ হয়ে গেল। কী করে বাঁচাতে পারল না প্রাণের বন্ধুকে সারাজীবন এখন নিখিলকে বয়ে নিয়ে যেতে হবে তার প্রিয় বন্ধুকে বাঁচাতে না পারার যন্ত্রণা, তীব্র আতঙ্ক।
 
দিনের পর দিন গঙ্গার ঘাটে যেতে পারেনি নিখিল। মায়ের মৃত্যুর রাতেও ঠকঠক করে কাঁপছিল। সকলে ভেবেছিল মাতৃবিয়োগ হজম করার লড়াইয়ে কাঁপছে নিখিল। কিন্তু একমাত্র ওই জানত, জল দেখলেই ডুবে যাওয়া বন্ধুর হাতটা ও দেখতে পায় এখনো। বাঁচাতে না পারার গ্লানি শেষ করে দেয় রাতের শান্তির ঘুম।
 
পলাশ হয়তো ভেবেছিল বন্ধু চেষ্টা করবে, চলে যেতে দেবে না পৃথিবী ছেড়ে, দুহাত বারবার তুলেছিল বাঁচতে। নিখিল জলে নেমেও পারেনি, গামছা খুলে ছুঁড়ে দিয়েছিল তাও পারেনি বাঁচাতে। তার চিৎকারে যতক্ষণে লোকজন জলে নেমেছিল, তলিয়ে গেছিল পলাশ, বুক ভর্তি হতাশা নিয়ে। যন্ত্রণা নিয়ে, আতঙ্ক নিয়ে। তার বন্ধু কি আরেকটু চেষ্টা করলে বাঁচাতে পারত না হয়তো সেই সন্দেহ নিয়ে। এক নীলের পুজোয় হারায় ছোটবেলাটা, হারায় এক বাড়ির সন্তান তার সাথেসাথেই হারিয়ে গিয়েছিল শান্তির ঘুম।
 

~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)