বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৮তম
সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতা
উজ্জ্বল পায়রা
অবিনশ্বর
নিকষ কালো অন্ধকারের মধ্যেও নিজেকে
দেখা যায় এমন আলো বেঁচে থাকে...
সেদিন প্রেম এসে হৃদয়ের কানে কানে
বলল, "আমি এই বন্দিদশা থেকে মুক্তি চাই"
হৃদয় খুলে হৃদয় বলল, "আমিও তো বাঁচতে
চাই"
হৃদয় থেকে 'প্রেম' বিদায় নিল...
মুক্তির স্বাদ নিতে নিতে হৃদয় হৃদয়ে
আলো ভরে নিল, বাতাস ভরে নিল, ফুলের গন্ধ ভরে নিল,
পাখির গান ভরে নিল
কী শান্তি! কী তৃপ্তি!
কোথাও তো প্রেমের মতো নিষ্ঠুর মায়া নেই!
বাড়তে থাকা রাত একে একে সব কেড়ে
নিলেও
নিজেকে চেয়ে দেখার মতো আলো ফেলে রেখে গেল...
সে আলোয় দুটি-চোখ মহাজাগরুক হয়ে
জানিয়ে গেল 'রাতটুকুই নিরেট সত্য'
আরো জানিয়ে গেল...
নিকষ কালো অন্ধকারের মধ্যেও নিজেকে
দেখা যায় এমন আলো বেঁচে থাকে
আমি তারই নাম দিলাম 'প্রেম'

No comments:
Post a Comment