বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/অন্য চোখে/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | অন্য চোখে
পাপিয়া অধিকারী
বাঙালি কি তার ভাষা-সংস্কৃতি-ঐতিহ্য ভুলতে বসেছে?
"হয়তো ভবিষ্যতে আর পৃথক পৃথক সংস্কৃতি বলে কিছু থাকবে না। আশা থাকবে সুদূর ভবিষ্যতে আমাদের প্রাণপ্রিয় বাংলা সংস্কৃতি তার অধরা বৈশিষ্ট্য ও স্বকীয়তাসমূহ নিয়ে বিশ্ব সংস্কৃতিকে সুসমৃদ্ধ করবে।"
বাঙালির সংস্কৃতি সুপ্রাচীন ও ঐতিহ্যশালী এবং বাঙালি জাতির মতোই বহু কিছুর সংমিশ্রণে
জটিল ও উন্নত। বহতা নদীর মতোই সে উদার সংস্কৃতি গ্রহণ করেছে, ধারণ করেছে, বহন
করেছে, আত্মীকরণ করেছে বিভিন্ন ধারণা, বিভিন্ন সংস্কৃতিকে।
বাঙালির সংস্কৃতির মূল
বৈশিষ্ট্য হলো - বিত্ত নয়, চিত্তের সাধনা। জগত ও জীবনকে বাঙালি এক সূত্রে গেঁথেছে।
বাঙালির মরমি চেতনা, সরলতা, প্রেম ও দয়া এই সংস্কৃতিকে জগতসভায় বিশিষ্টতা দান
করেছে।
এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন। বাঙালি কি তার এই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলতে বসেছে? এ প্রশ্ন হয়তো আজকের নয়। বহুদিনের। হয়তো-বা যুগ যুগ ধরে এই প্রশ্ন রয়ে গেছে বয়ে গেছে সংস্কৃতির ধারার সঙ্গেই সমান্তরাল ধারায়। কারণ একেবারে নদীর মতোই এই ধারা নিয়ত পরিবর্তনশীল।
বর্তমানে অতি দ্রুত গতিসম্পন্ন ও মুঠোবন্দি পৃথিবীর যুগে এই পরিবর্তন প্রকট রূপলাভ
করছে। কারণ, বিভিন্ন সাংস্কৃতিক চেতনার নৈকট্য। আর নৈকট্য, সংমিশ্রণজনিত
পরিবর্তনের অন্যতম কারণ। একে কোনোরূপ বাঁধ দিয়ে আটকানো সম্ভব নয়। কারণ এই চলন, এই
পরিবর্তন স্বাভাবিক। হয়তো ভবিষ্যতে আর পৃথক পৃথক সংস্কৃতি বলে কিছু থাকবে না। আশা
থাকবে সুদূর ভবিষ্যতে আমাদের প্রাণপ্রিয় বাংলা সংস্কৃতি তার অধরা বৈশিষ্ট্য ও
স্বকীয়তাসমূহ নিয়ে বিশ্ব সংস্কৃতিকে সুসমৃদ্ধ করবে।
***

No comments:
Post a Comment