বাতায়ন/মাসিক/গদ্য/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে
কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | গদ্য
ইন্দ্রজিৎ রায়
গ্যালিলিও বেচে খাই- এক
"বৈজ্ঞানিকরা শুধু যে খোঁজা ও যন্ত্রের উদ্ভাবনে জরুরি, এমনটা নাও হতে পারে। বস্তুত বৈজ্ঞানিকদের বেচে, তাদের সারা জীবনের খুঁজে পাওয়া সূত্রগুলোকে, বিভিন্ন সিলেবাসের সূত্রে বেচেও তো কিছু মানুষ বেঁচে থাকে।"
পেছোতে পেছোতে পরগণাতে এসে ঠেকি। এক-একটা বিকেলে দিদার কথা খুব মনে পড়ে, ঠিক কেন এরকম হয়, এটা আমারও জানা নেই। যদিও দিদার
সঙ্গে, পুরুলিয়ার সঙ্গে, চন্দ্রবাবু,
বাদলবাবু অথবা শ্যামলবাবুর সাথে সম্পর্ক, এগুলোও
দাঁড়িয়ে আছে পাশাপাশি। পেছোতে পেছোতে আলমারির কোনায় এসে ঠেকি। সম্প্রতি কিছু
ছারপোকার আমদানি হয়েছে,
এটাও আবার কোথা থেকে জানা নেই,
অনেকগুলো বছর, বিস্মিত ছাত্রদের ভাতে
গ্যালিলিও মেখে, নিউটন মেখে, খাইয়ে
দিয়েছি, তাতে তাঁরা কতটা সমৃদ্ধ হয়েছেন, এটাও আমার জানা নেই। অথবা তাদের প্রাত্যহিক জীবনে কতটুকু গ্যালিলিও,
অথবা সত্যেন বোস দিতে পেরেছি এটা বলতে পারব না। তবে গ্যালিলিও,
নিউটন বেচে লোটে মাছ, বেগুন, কুমড়ো এসব কিনতে পেরেছি, কিছু শাকপাতা নেশাভাং ও আমি
যখন স্টেশন রোডের পাশের আলো-অন্ধকারে, চা-দোকানগুলোর ভেতর দিয়ে ভেতর দিয়ে হেঁটে যাই, এই
হাঁটার ভেতরে গ্যালিলিও না থাকলেও আমি যে গ্যালিলিও বেচে এই শহরে বেঁচে আছি দুটো
ভাত খেতে পারছি এর পেছনে নিউটন, আইনস্টাইন, সত্যেন বোস, ইনরিকো ফার্মি কে নেই। তাহলে
বৈজ্ঞানিকরা শুধু যে খোঁজা ও যন্ত্রের উদ্ভাবনে জরুরি, এমনটা
নাও হতে পারে। বস্তুত বৈজ্ঞানিকদের বেচে, তাদের সারা জীবনের
খুঁজে পাওয়া সূত্রগুলোকে, বিভিন্ন সিলেবাসের সূত্রে বেচেও
তো কিছু মানুষ বেঁচে থাকে। সেদিন যেমন একজন জিজ্ঞেস করল, আচ্ছা
ডার্ক ম্যাটার সম্পর্কে আপনার কী ধারণা, যথারীতি বোকার মতো, পিছিয়ে আলমারির কোনায় চলে
যাওয়া মানুষের মতোই বললাম, যেটা দেখতে
পাচ্ছেন সেটাই ডার্ক ম্যাটার। বাকিটা নয়। বাকিটা তো আলোকিত।

খুব সুন্দর 😊😊
ReplyDeleteভালো লিখলে। জয় হোক!
ReplyDeleteকৃতার্থ🍃🍂
DeleteDarun hoeche especially last duto line - Shubham
Delete