বাতায়ন/ক্ষণিকের অতিথি/পর্যালোচনা/৩য় বর্ষ/৪৪তম
সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতা— অচেনা ভালবাসা
কবি— কেতকী বসু
পর্যালোচক— খগেশ্বর দাস
[কবির নাম না-জেনে
শুধু কবিতা ও শিরোনামের ভিত্তিতে এই পর্যালোচনা]
কালের ধারাবাহিকতায়
অমীমাংসিত প্রশ্ন
যুগ থেকে যুগান্তরে ছিন্ন হৃদয়ের ধার করা প্রেমের উপাখ্যান।
গোধূলির ম্লান আলোয় যুক্তির বাক্যবাণে যৌনতার আহ্বান
শরীরে শরীরে দূরত্ব সৃষ্টিকারী না জানা কত কথা…
বিকৃত কামনার ডাকে নির্বাক পথিক পথ খোঁজে মুক্তির
কিছু স্মৃতিজড়িত সন্দেহে নির্বাসন মানসিক কারাগারে
ভুলের প্রমাণ যৌথ সময়ের।
কারারক্ষী খুঁটে চলে একের পর এক সংখ্যা।
আর্তনাদে মুখর পরিবেশও মৌনমিছিলে মুখ লুকোয়
ইতিহাস বহমান তবু দশকের পর দশক…
কবিতার মতো কিন্তু—
বাংলা সাহিত্যে এখন সহস্র
রচনা আপাত কবিতার মতো, কবিতার বিভ্রম
ছড়িয়ে মনোজগৎ তছনছ করতে চায়। হাসায়,
কাঁদায়
ঘিনঘিন রসাতলে টেনে নিয়ে যায়। যেহেতু কবিতা ভালবাসি, কবিতা পড়তে চাই,
বুঝতে চাই, খুলতে চাই কবিতার রহস্য জানালা। সব কি খুলতে পারা যায়, না কি খুলতে দেওয়া হয়? কিছু কিছু কবিতায় খোলামেলা যৌন শব্দ,
কিছু
কিছু শব্দবন্ধ নর্দমার পুতিগন্ধ মাখা।
আঙ্গিক সর্বস্ব দুর্বল কবিতা
পাঠকের মনে কোনো অভিঘাত সৃষ্টি করে না। আঙ্গিক, অভিধায়, ভাব ও ব্যঞ্জনায় কবিতা হবে
প্রাজ্ঞ, মেধাবী। শব্দের উল্লম্ফন নয়, কবিতা হবে শব্দের সুগন্ধে ও অর্থে প্রাণবন্ত।
বাতায়নের সম্পাদক আমাকে
কবিতা পাঠিয়েছেন আলোচনার জন্য। আমি আলোচক নই। সামান্য কবিতা শ্রমিক। আমার
ব্যক্তিগত ভাল লাগা, খারাপ লাগা জানাতে
পারি শুধু।
"অচেনা ভালবাসা"— অচেনা
ভালবাসা কথাটার ব্যঞ্জনা এবং ব্যাপ্তি অনেক। তবু আলোচ্য কবিতায় অবৈধ অর্থাৎ
পরকীয়া প্রেমেরই উল্লেখ মনে হয়।
যৌনতা প্রেমের অনুসঙ্গে
অপাংক্তেয় নয়, বরং শরীরী সংযোগ
প্রেমের অনুভূতি প্রকাশ করে। প্রেমহীন নগ্ন যৌনতা অবৈধ, অশুদ্ধ। প্রেম অনুভবের। এই বৈপরীত্যও এখানে স্পষ্ট ভাবে
প্রতিভাত নয়। যুগ যুগ ধরে বয়ে চলা প্রেমকে কোন কারণ ছাড়া অশুদ্ধ বা অবৈধ বলে দায়ী করা
হচ্ছে। প্রবাহমান গদ্যে কবিতাটি লেখা। সেই গদ্যও সব ক্ষেত্রে পরিচ্ছন্ন আর নিখুঁত হয়নি।
ভাবের দিক থেকেও দুর্বলতা
আছে। এটি একটি সাধারণ মানের কবিতা।
ক্ষণিকের অতিথি | পর্যালোচনা
কবিতা— অচেনা ভালবাসা
কবি— কেতকী বসু
পর্যালোচক— খগেশ্বর দাস
"যৌনতা প্রেমের অনুসঙ্গে অপাংক্তেয় নয়, বরং শরীরী সংযোগ প্রেমের অনুভূতি প্রকাশ করে। প্রেমহীন নগ্ন যৌনতা অবৈধ, অশুদ্ধ। প্রেম অনুভবের।"
যুগ থেকে যুগান্তরে ছিন্ন হৃদয়ের ধার করা প্রেমের উপাখ্যান।
গোধূলির ম্লান আলোয় যুক্তির বাক্যবাণে যৌনতার আহ্বান
শরীরে শরীরে দূরত্ব সৃষ্টিকারী না জানা কত কথা…
বিকৃত কামনার ডাকে নির্বাক পথিক পথ খোঁজে মুক্তির
কিছু স্মৃতিজড়িত সন্দেহে নির্বাসন মানসিক কারাগারে
ভুলের প্রমাণ যৌথ সময়ের।
কারারক্ষী খুঁটে চলে একের পর এক সংখ্যা।
আর্তনাদে মুখর পরিবেশও মৌনমিছিলে মুখ লুকোয়
ইতিহাস বহমান তবু দশকের পর দশক…

No comments:
Post a Comment