প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, April 26, 2026

যুদ্ধের আতঙ্ক | উৎপলেন্দু দাস

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
উৎপলেন্দু দাস
 
যুদ্ধের আতঙ্ক
 
আশা করা যায় ক্লান্তি গ্রাস করবে এক সময়
হিংসায় উন্মত্ত অবিরত যুদ্ধরত মানুষদের
যারা স্বভাবতই হিংস্র প্রাণী তাই বলা মুশকিল,
যে স্যাপিয়েন্সরা মুছে দিয়েছিল নিয়ান্ডার্থালদের
তারাই এখন উদগ্রীব অস্তিত্ব মুছে দিতে নিজেদের।
 
যারা চায় বিধর্মীদের মুছে দিতে পৃথিবী থেকে
তারা নিজেদের মধ্যে গোলাপ বিনিময় করে না
যারা মনে করে বর্ণশ্রেষ্ঠ নিজেদের প্রাচীন ধর্মবিশ্বাসে
তারা হাসিমুখে তৈরি করে শ্রেণি বিভক্ত সমাজ
হিংসা ও ঘৃণা লালন করে সযত্নে, ইতিহাস সাক্ষী বহুদিন।
 
আশায় বুক বেঁধে বসে থাকা ছাড়া উপায় নেই
মানুষের মস্তিষ্ক সাদা রাস্তা ও কালো বাড়ির পাড়া,
যাকে বলে ভালবাসি তাকে দিতে পারে ফাঁসি
না আঁচালে বিশ্বাস নেই, যায় না আতঙ্ক, কিন্তু
মানুষ ক্লান্ত হতে শুরু করেছে, দেখা যাক কী হয়।
 
কেউ কেউ যে এসব কথা বোঝে না তা অবশ্য নয়
সংখ্যা বৃদ্ধি হোক তাদের জনারণ্যে আপনমনে
সেটাই একমাত্র আশা দু-পেয়েদের বেঁচে থাকার
মনের অস্ত্র ধ্বংস হোক চিরতরে, ভালবাসার হোক জয়
ভরসা জাগে নিশুতি রাতে রাজনীতি শূন্য আকাশে তাকিয়ে
অনন্ত নক্ষত্রবীথির সমাবেশে কেউই  যুদ্ধরত নয়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)