প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, May 4, 2024

তুমি আকাশ হয়ে এসো | নাটক | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শিল্প-সংস্কৃতি/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

শিল্প-সংস্কৃতি | নাটক

চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

তুমি আকাশ হয়ে এসো


[চরিত্র - অম্বরিশ, সংযুক্তা]
 
অম্বরিশ: তোমরা অনেক জায়গায় ঘুরতে গেছ পুরো ফ্যমিলি নিয়ে। আমরা কোথাও যাইনি।
সংযুক্তা: যাওনি কেন? গেলেই পারতে!
অম্বরিশ: আমার বাড়ির লোক আমাকে সেভাবে কখনও সঙ্গই দেয়নি। অনেকবার বলেছি। কিন্তু...

সংযুক্তা: জোর করে সবাইকে নিয়ে যেতে পারত। আসলে মদ তোমাকে শেষ করে দিল। মদ খেয়ে সব টাকা শেষ না করে ঘুরতে পারনি?
অম্বরিশ: ঠিকই বলেছ। কিন্তু যাবারও তো কোনো সঙ্গী পেলাম না।
সংযুক্তা: বউ ছিল মেয়ে ছিল। জোর করতে পারতে।
অম্বরিশ: সবই ভুল হয়ে গেছে। এদিক থেকে আমি ভাগ্যহত।
সংযুক্তা: ভুল? সব নিজের হাতেই শেষ করেছ। বউ, মেয়ে ফেলে তুমি সে ভালবাসার পিছনে ছুটেছ। যেটা কখনোই তোমার ছিল না। এক তরফা কিছু হয় না। অথচ তুমি একতরফা নিজেকে শেষ করেছ।
অম্বরিশ: কী সুন্দর বললে। এভাবে যদি আগে বুঝতাম তবে জীবনটা এরকম হতো না।
সংযুক্তা: বুঝে নিতে হয় কোনটা খাঁটি আর কোনটা ভেজাল।
অম্বরিশ: আসলে কি জানো! তখন মানুষ বোধহীন হয়ে পড়ে, খাঁটি ভেজাল বোঝার বোধ ও হারিয়ে যায়।
সংযুক্তা: আমি বুঝি তুমি আমাকে কতটা ভালবাস। খুঁজে বেড়াও সেই ভালবাসা যার জন্য তুমি একদিন উন্মাদ ছিলে। সেই জন্যই তোমাকে আঁকড়ে আছি। তোমার অবলম্বন করেছি নিজেকে। যখন কাউকে ভালবাসতে হয় তখন এটা তো বোঝা যায় সে কতটা কাছের?
অম্বরিশ: আমি তখন বুঝতে পারিনি।
সংযুক্তা: যখন বুঝলে তখন ঘরমুখো হওয়া উচিৎ ছিল। মদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা কি কোনো কাজের কাজ? আসলে তোমার দিক থেকে কোনো ফাঁক ছিল না, অন্যদিকে ছিল। তাই গভীর খাদে পড়ে গিয়েছিলে।
অম্বরিশ: ঠিক। সব ভুল হয়ে গেছে। তাই তো সদ্য পিতা হয়েও বাইরে জীবন কাটিয়েছি।
সংযুক্তা: তোমাদের মধ্যে মানে তোমার আর তোমার স্ত্রীর মধ্যে তো ভালবাসা ছিল তাহলে অন্য কেউ কী করে ঢুকে গেল?
অম্বরিশ: এ এক গভীর প্রশ্ন। একটা অদ্ভুত ব্যাপার। ১৪ বছর প্রেম করে বিয়ে করেছি।
সংযুক্তা: সেটা সম্পর্ক ছিল। ভালবাসা ছিল কিনা জানি না। ভালবাসা থাকলে অন্য কেউ মাঝখানে ঢুকতেই পারত না।
অম্বরিশ: তোমার আশঙ্কাই মনে হয় ঠিক। শুধুই সম্পর্ক।
সংযুক্তা: আমার তো সেটাই মনে হয়। 
অম্বরিশ: বললাম তো, তোমার মনে হওয়াটাই ঠিক।
সংযুক্তা: আমি কিন্তু আমার স্বামীকে ভালবাসি তাই আমাদের মাঝখানে কেউ কোনোদিন ঢুকতে পারেনি। যখন বুঝলাম সে কোনোদিনও আমাকে ভালবাসেনি তখন আমার আকাশের সূর্য পশ্চিম হেলে পড়েছে। সেই পড়ন্ত আলোতে তোমাকে পেলাম। কিন্তু তোমার বউয়ের জন্য খুব কষ্ট হয়। কিছুই পেল না তোমার কাছ থেকে।
অম্বরিশ: হ্যাঁ কিছু পায়নি। দিতে পারিনি।
সংযুক্তা: কী জানি আমাকে কোনদিন সরিয়ে দেবে রাস্তার একপাশে।
অম্বরিশ: ছি, এমন বলো না, বড় কষ্ট হয় এমন কথায়। এসো তোমাকে আমায় একটু ভালবাসতে দাও।
সংযুক্তা: তোমার স্ত্রীকে নতুন করে আবার ভালবাসতে পার না? আগের মতো করে! শারীরিক সম্পর্কটাই তো শেষ কথা নয়। একটু কেয়ার, একটু সময়, একটু ভালবাসা!
অম্বরিশ: আমার স্ত্রীর কাছে হয়তো আর আমার জায়গা নেই।
সংযুক্তা: ভুল! সম্পর্কে চওড়া আস্তরণ পড়ে গেছে। সে ময়লা দুর হবে একটু যত্নে একটু খেয়ালে একটু সময়ে। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্য এক নারীর ব্যথা নিজের মনে হয়।
অম্বরিশ: এমন বলো না। আমি যে আর ফিরতে পারব না তোমাকে ছেড়ে।
সংযুক্তা: আমি তো বলিনি আমাকে ছেড়ে যাও! তাহলে আমি বাঁচব কী করে! শুধু কষ্ট পাই তোমার স্ত্রীর জন্য। আমি অনেক কথা জিজ্ঞাসা করি কিন্তু তুমি সেভাবে কোনোদিন কিছু বলনি।
অম্বরিশ: আসলে জানো, আমি যা খুঁজি একজন প্রিয় মানুষের কাছ থেকে তা স্ত্রীর কাছ থেকে পাই না। যা তোমার থেকে পাই।
সংযুক্তা: তোমার দৃষ্টি আমাকে বলে দেয় আমাকে পাওয়ার মানসিক পরিতৃপ্তি তোমার কতখানি। তাই কখনোই ফিরে যেতে তোমাকে আমি বলিনি। শুধু বলতে চাই, একটা রাস্তার মোড়ে তুমি দাঁড়াবে। যেখান থেকে আমরা দুজনেই তোমাকে পাব।
অম্বরিশ: খুব ভাল বললে। তোমার উৎসারিত হৃদয় শুধু মুগ্ধ করে না বিস্ময় বিমূঢ় করে। মন রাখা কথা নয়। 
সংযুক্তা: লেনদেন রাখলে সে ভালবাসা থাকে না। কিছু পাব না বলে কি ভালবাসব না? তাহলে সেটা ভালবাসা না। ভালবাসা একমুখী স্রোতের মতো। সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। চেয়ে দেখে না, ভাল না মন্দ কী কী ভেসে চলেছে।
অম্বরিশ: বললাম তো যে আসলে আমি যা খুঁজি তোমার থেকে পাই।
সংযুক্তা: সেলফিশ।
অম্বরিশ: কেন বললে?
সংযুক্তা: চোদ্দো বছর নাকি তোমাদের ভালবাসা ছিল তারপর বিয়ে করেছ! তাহলে কী পাবার আশায় অন্য সম্পর্ক করেছিলে? তখন কেন মনে হয়নি? আজ এত বছর তোমার ঘর করার পর তোমার মনে হল কিছু পাওনি?
অম্বরিশ: মোহ, মোহ ছিল সব। এখন তোমাকে পেয়ে বুঝি ভালবাসার যথার্থ মানে। উফ্‌ কী যে তোলপাড়! তুমি আমায় মদ খাওয়ায় অনুমতি দাও। প্লিজ...
সংযুক্তা: কাপুরুষ
অম্বরিশ: কাপুরুষ বললে?
সংযুক্তা: মদ তোমার প্রকৃত আশ্রয়। ভালবাসা নয়। এখন যে তোমার সাথে আমার সম্পর্ক সেটা মোহ নয় তো?
অম্বরিশ: একদম না এই বয়সে মোহ থাকে না। সেদিন কথা দিয়েছিলাম খাব না তাই তোমার কাছে না বলে খেতে চাই না। তোমাকে অপমান করা হবে তাই। খাব না।
সংযুক্তা: খাও
অম্বরিশ: বললাম তো খাব না। তোমাকে এতটাই ভালবাসি। 
সংযুক্তা: আমিও তোমাকে খুব ভালবাসি। তোমার স্ত্রীকেও খুব ভালবাসি। বাদ দাও আমার কথা আমি উল্টোপাল্টা বলি। পাত্তা দিও না আমার কথার।
অম্বরিশ: এমন বলছ কেন। এমন বলো না প্লিজ।
সংযুক্তা: না না সেটা না আসলে আমি বেশি কথা বলে ফেলি। আবেগ বেশি।
অম্বরিশ: ভাল তো। ভালবাসার আবেগ থাকবে না তাই হয়? 
সংযুক্তা: শুধু আবেগ না। কোথাও একটা কঠোর বাস্তব থাকে কুয়াশাচ্ছন্ন হয়ে। সেই জন্যই জীবনে হোঁচট খেতে হয় আবেগ থাকলে।
অম্বরিশ: একটাই কথা আমি তোমাকে ভীষণ ভালবাসি।
সংযুক্তা: এই একটা শব্দের মধ্যে হৃদয়ের কত যে বিষ্ময় লুকিয়ে জানা নেই। আমিও ভালবাসি তোমাকে। মেঘমুক্ত আকাশের মতো।
 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)